করোনা তাড়াতে রামচন্দ্রকে জড়িয়ে অদ্ভুত দাবি বিজেপি নেতার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 23 July, 2020, 11:10 AM
করোনা তাড়াতে রামচন্দ্রকে জড়িয়ে অদ্ভুত দাবি বিজেপি নেতার
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা এবং মধ্যপ্রদেশ বিধানসভার প্রটেম স্পিকার রামেশ্বর শর্মা বলেছেন, একবার রাম মন্দিরের নির্মাণ শুরু হলে করোনাভাইরাস পালানোর পথ পাবে না। রামচন্দ্রই তুষ্ট হয়ে 'দুষ্ট' ভাইরাসকে দমন করবেন।
রামেশ্বর শর্মা মনে করেন, অযোধ্যায় রামমন্দিরের নির্মাণকাজ একবার শুরু হলে করোনাভাইরাস মহামারি ক্রমেই থেমে যাবে। ৫ আগস্ট ভূমিপূজা রয়েছে অযোধ্যার রামমন্দিরে।
গতকাল বুধবার গ্বালিয়রে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রামেশ্বর শর্মা বলেন, ভগবান রামচন্দ্র মানবজাতির কল্যাণে এবং রাক্ষসদের হত্যা করার জন্য পুনর্জন্ম নিয়েছিলেন। রামমন্দিরটি নির্মাণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কভিড মহামারির ধ্বংসও শুরু হবে।
মধ্যপ্রদেশ বিধানসভার প্রটেম স্পিকার আরো বলেন, কেবল ভারত নয়, সারাবিশ্ব করোনাভাইরাসের কারণে ভুগছে। আমরা কেবল সামাজিক দূরত্ব বজায় রাখছি না। আমাদের পবিত্র দেব-দেবতাদের স্মরণ করছি। সুপ্রিম কোর্টও রামমন্দির তৈরির নির্দেশ দিয়েছে।
করোনা সঙ্কটের মধ্যেই অযোধ্যায় রামমন্দিরের জন্য ভূমিপূজার প্রস্তুতির কাজ শুরু হয়ে যাবে ৩ আগস্ট থেকে। ভূমিপূজা হবে ৫ আগস্ট। সেদিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অযোধ্যায় উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম তিনি অযোধ্যায় পা রাখবেন।
রামজন্মভূমি ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে, বারানসীর পুরোহিতরা ভূমিপূজার দায়িত্বে থাকবেন। তাদের সঙ্গে থাকবেন অযোধ্যার পুরোহিতরাও। ভূমিপূজার দিন গর্ভগৃহে পাঁচটি রূপার ইট রাখা হবে। গর্ভগৃহ হবে আটকোনা।
বিশ্ব হিন্দু পরিষদ রামমন্দিরের যে নকশা বানিয়েছিল, মূলত সেটাই অনুসরণ করা হচ্ছে। তবে সেটা আরো বড় করা হয়েছে। তিনটি গম্বুজের জায়গায় পাঁচটি গম্বুজ থাকবে। মন্দিরের আয়তন হবে প্রায় ৮৪ হাজার বর্গফুট।