প্রতি বছরের মতো এ বছরও বৃষ্টিতে রাস্তায় কাদার সৃষ্টি হয়েছে। এতে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। তারই প্রতিবাদে বুধবার দুপুরে গ্রামবাসীরা রাস্তায় ধানের চারা লাগিয়ে দেন
বগুড়ার আদমদীঘির বিনাহালী গ্রামবাসীর দীর্ঘদিনের দাবি দেড় কিলোমিটার রাস্তা পাকা করা হয়নি। প্রতিবছর বর্ষা মৌসুমে সড়কে কাদার সৃষ্টি হওয়ায় জনগণের চলাচল বিঘ্নিত হয়। এতে ক্ষুব্ধ হয়ে বুধবার (১৫ জুলাই) দুপুরে রাস্তায় ধানের চারা লাগিয়ে প্রতিবাদ করেছেন গ্রামবাসী।
জানা গেছে, উপজেলার নশরতপুর ইউনিয়নের বিনাহালী গ্রামের বটতলী বাজার থেকে বালিকা উচ্চ বিদ্যালয় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা কাঁচা। দীর্ঘদিনের রাস্তাটি পাকা বা সোলিং (ইটের রাস্তা) করা হয়নি। এ সড়ক দিয়ে প্রতিদিন বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চলাচল করেন। প্রতি বছরের মতো এ বছরও বর্ষা মৌসুমে বৃষ্টিতে রাস্তায় কাদার সৃষ্টি হয়েছে। এতে রাস্তাটি পথচারীদের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। স্থানীয়দের পোহাতে হচ্ছে অসহনীয় দুর্ভোগ। এরই প্রতিবাদে বুধবার দুপুরে গ্রামবাসীরা রাস্তায় ধানের চারা লাগিয়ে দেন।
এ বিষয়ে নশরতপুর ইউনিয়নের চেয়ারম্যান শামসুল হক খন্দকার বলেন, “রাস্তাটির জন্য আবেদন করে চাহিদাপত্র পাঠানো হয়েছে। বরাদ্দ এলে রাস্তাটি করে দেওয়া হবে।”
উপজেলা প্রকৌশলী সাজেদুর রহমান জানান, “রাস্তার বিষয়টি আমার জানা নেই। তবে এলজিইডির আওতাভুক্ত হলে জনস্বার্থে প্রকল্পের মাধ্যমে রাস্তা করে দেওয়া হবে। আর রাস্তা আমাদের না হলে উপজেলা পরিষদের মাধ্যমে সংস্কার করা হবে।”