জয়পুরহাটে ৯ বছরের এক কন্যা শিশুকে ফুসলিয়ে যৌন নিপীড়ন ও ধর্ষণের চেষ্টার অভিযোগে হাফিজ (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। গত শুক্রবার কালাই উপজেলার পুনট এলাকায় এ ঘটনা ঘটে। পরে র্যাব বিষয়টি জানতে পারলে ১২ জুলাই, রবিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত হাফিজ কালাই উপজেলার জগডাম্বর (পুনট) এলাকার আব্দুল হামিদের ছেলে। জেলার র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম.এম. মোহাইমেনুর রশিদ এই তথ্য নিশ্চিত করেন।
এ বিষয়ে এম.এম. মোহাইমেনুর রশিদ জানান, গত ১০ জুলাই সন্ধ্যার দিকে কালাই উপজেলার পুনট এলাকার হাফিজ সম্পর্কে মামাতো বোন ৯ বছরের ওই কন্যা শিশুকে ফুসলিয়ে তার বাড়ির ভিতরে গোপন স্থানে নিয়ে যায়। এ সময় শিশুটিকে যৌন নিপীড়ন ও ধর্ষণের চেষ্টা করে হাফিজ। শিশুটি তখন ক্রন্দনরত অবস্থায় চিৎকার করলে ভুক্তভোগীর পরিবারসহ আশেপাশের প্রতিবেশীদের মাঝে ঘটনাটি জানাজানি হয়ে যায়।
তিনি আরো জানান, অভিযুক্ত হাফিজ ভুক্তভোগীর আত্মীয় হয়। তাই প্রতিবেশী ও অপর আত্মীয়স্বজনের দ্বারা ঘটনাটি ধামাচাপা দেবার জন্য ভুক্তভোগী পরিবারের ওপর চাপ সৃষ্টি করা হয়। পরে র্যাব বিষয়টি জানতে পেরে অভিযুক্তকে গ্রেপ্তার করে। এ বিষয়ে কালাই থানায় একটি মামলা দায়ের হয়েছে। সম্পাদনা: এম আলমগীর