মরণঘাতি করোনাভাইরাসের সংকট কাটিয়ে অবশেষে গেল ৮ জুলাই মাঠে ফিরেছে ক্রিকেট। সাউদাম্পটনে মুখোমুখি হয় ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। দীর্ঘদিন পর ক্রিকেট ফিরলেও, টেস্ট ক্রিকেট তার সৌন্দর্য ধরে রেখেছে। পঞ্চম ও শেষ দিনের শেষ সেশনে দারুন এক জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ৪ উইকেটে ইংল্যান্ডকে হারিয়ে তিন ম্যাচের সিরিজে লিড এখন ক্যারিবীয়দের। তাই করোনা আবহের মাঝে ওয়েস্ট ইন্ডিজের এমন জয়ে মুগ্ধ বিশ্ব ক্রিকেট। সাবেক ও বর্তমান ক্রিকেটরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়েস্ট ইন্ডিজের জয়ের প্রশংসা করেছেন। বাহ-বা দিয়েছেন ক্যারিবীয়দের পেসারদের পারফরমেন্সের।
দেশের জয়ে নিজেকে গর্বিত মনে করছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ভিভ রিচার্ডস। তিনি লেখেন, ‘দীর্ঘ বিরতির পর প্রথম ক্রিকেট ম্যাচটি খেলেছি আমরা। দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে ছেলেরা। এই ম্যাচে জয় তাদেরই প্রাপ্য। তোমরা আমাদের গর্বিত করেছো’।
দুর্দান্ত জয়ের জন্য পুরো দলকে অভিনন্দন জানিয়েছেন ক্রিকেটের বরপুত্র ব্রায়ান লারা। তিনি লেখেন, ‘দারুণ এক টেস্ট ম্যাচ জয়। জেসন হোল্ডার ও তার দলকে অভিনন্দন। কোচিং ও ম্যানেজমেন্ট স্টাফরা দলকে তৈরি করেছে দারুণভাবে। তাদেরকেও অভিন্দন’।
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন আরো একবার ওয়েস্ট ইন্ডিজকে ধন্যবাদ জানালেন, ‘টেস্ট ক্রিকেটের জন্য অবিস্মনীয় একটি সপ্তাহ। যে পরিস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজ এখানে এসে খেলছে, এটা অসাধারণ। এজন্য তাদের আরো একবার ধন্যবাদ। আবার মাঠে তারা দেখালো দুর্দান্ত পারফরমেন্স। এই জয় অবিশ্বাস্য। টেস্ট ক্রিকেটের জন্য অনেক-অনেক ভালোবাসা’।
এক জয়ে শুধুমাত্র নিজ দেশের কিংবদন্তিদেরই প্রশংসা পাননি, অন্য দেশের খেলোয়াড়দেরও প্রশংসা পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সেই তালিকায় আছেন ভারতের মাস্টার ব্ল্যাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার, শ্রীলংকার সাবেক অধিনায়ক ও এমসিসির প্রেসিডেন্ট কুমারা সাঙ্গাকারা এবং ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি।