বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে কথা না বলে আফসোস করছেন পাকিস্তানের গতিতারকা শোয়েব আখতার।
মুম্বাইয়ের একটি হোটেলে সুশান্তের সঙ্গে দেখা হওয়ার পরও কথা না বলার বিষয়টি বারবার পোড়াচ্ছে শোয়েব আখতারকে।
সম্প্রতি এক ইউটিউব ভিডিওবার্তায় সেই আফসোসের কথাই শোনালেন শোয়েব।
শোয়েব বলেন, ‘২০১৬ সালের ঘটনা। মুম্বাইয়ের অলিভে সুশান্তের সঙ্গে আমার দেখা হয়েছিল। আমার কাছ দিয়ে যাওয়ার সময় মাথা নিচু করে রেখেছিল সে। তখন আমার বন্ধু বলল– এই ছেলে বলিউডের হিরো। এমএস ধোনির বায়োপিকে অভিনয় করছে।
এর পর শোয়েব বলেন, ‘সেদিন কথা হয়নি সুশান্তের সঙ্গে। এখন আমার খুব আফসোস হচ্ছে– সেদিন কেন তাকে থামিয়ে জীবন সম্পর্কে কিছু কথা বললাম না। আমি নিজের জীবনের কিছু অভিজ্ঞতা তাকে বলতে পারতাম, যা কিনা ওকে জীবনকে অন্যভাবে দেখার একটা সুযোগ দিতে পারত। আমার এখন সত্যিই আফসোস হচ্ছে সেদিন কথা না বলায়।
প্রয়াত সুশান্তের প্রশংসা করে সাবেক এই পাক পেসার বলেন, আমার মনে হয়– সুশান্ত খুবই বিনয়ী পরিবারের ছেলে। ধোনির মুভিতে চমৎকার অভিনয় করেছে সে। মুভিটা দারুণ ছিল।
প্রসঙ্গত ভারত দলের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বায়োপিক ‘এমএস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি’তে মূল চরিত্রে অভিনয় করার মাধ্যমে ক্রিকেটপ্রেমীদের প্রিয় অভিনেতায় পরিণত হয়েছিলেন সুশান্ত। ওই ছবিতে অভিনয়কালে পর তার সঙ্গে অনেক ক্রিকেটারদের পরিচয় হয়।
গত ১৪ জুন সবাইকে হতভম্ব করে দিয়ে না ফেরার দেশে পাড়ি জমান এ তরুণ অভিনেতা। মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাড়িতে ফ্যানে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় সুশান্তের মরদেহ।