কানাডার আটক দুই নাগরিকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ চীনের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 19 June, 2020, 5:59 PM
কানাডার আটক দুই নাগরিকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ চীনের
কানাডার আটক দুই নাগরিকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনেছে চীন। আটক মাইকেল কোভরিগ হলেন সাবেক কূটনীতিক এবং মাইকেল স্পাভর হলেন একজন ব্যবসায়ী। তাদেরকে আটকের ১৮ মাস পর সরকারিভাবে তাদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে। কোভরিগের মামলাটি বেইজিংয়ের প্রসিকিউটররা এবং স্পাভরের মামলাটি দেশটির উত্তর-পূর্ব প্রদেশের লিয়াওনিংয়ের প্রসিকিউটররা পরিচালনা করছেন।
জানা গেছে, চীনা নাগরিক মেং ওয়াংঝু গত বছরের ডিসেম্বরে কানাডায় আটক হওয়ার পর ওই দু'জনকে আটক করে চীন। মেং ওয়াংঝু আটকের পর থেকেই দেশ দু’টির মধ্যে বৈরিতা বাড়তে থাকে। তখন মার্কিন যুক্তরাষ্ট্রের আহ্বানে মেং ওয়াংঝুকে আটক করে কানাডা।
মেং ওয়াংঝু আটক হওয়ার পর থেকেই কানাডার নিন্দা করে আসছে চীন। ওই তিন ব্যক্তির আটকের ঘটনায় চীন-কানাডার কূটনৈতিক সম্পর্কও ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০১৯ সালের ডিসেম্বর মাসে মেং ওয়াংঝুকে আটক করে কানাডা। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় কানাডার কর্তৃপক্ষকে বার বার ‘তাদের ভুল সংশোধন’ করার এবং মেং ওয়াংঝুকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে।
যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে যখন একটি টানাপোড়েনের সম্পর্ক চলছে, ঠিক তখনই গ্রেপ্তার হন মেং ওয়াংঝু। যুক্তরাষ্ট্রের প্রত্যর্পণ অনুরোধে ১ ডিসেম্বর কানাডার ভাঙ্কুভার বিমানবন্দরে হুয়াওয়ের প্রতিষ্ঠাতার মেয়ে মেং ওয়াংঝুকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে ইরানে প্রযুক্তি বিক্রি করার অভিযোগ করা হচ্ছে। সূত্র: স্পুটনিক।