গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাছ ভর্তি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে সজল রায় (২০) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো একজন।
আজ শুক্রবার (১২ জুন) সকাল ১০ টায় কোটালীপাড়া উপজেলার রুথিয়ারপাড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সজল রায় কোটালীপাড়া উপজেলার রুথিয়ারপাড় গ্রামের অমর রায়ের ছেলে। সে ফরিদপুরের রাজেন্দ্র কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ লুৎফর রহমান জানান, নিহত সজল রায় ও তার বাবা অমর রায় নিজেদের পুকুরের মাছ একটি পিকআপে ভর্তি করে নিয়ে বিক্রির জন্য যাচ্ছিলেন। এসময়, তাদের পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে নিজেদের পুকরে পড়ে গেলে পিকআপের নিচে পড়ে সজল ঘটনাস্থলে নিহত হয়। এসময় তার বাবা অমর রায় আহত হন।
নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।