ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
সুন্দরী নারীর ছবি দিয়ে প্রেমের সম্পর্ক, বাদ যাননি প্রভাবশালী বাঘা নেতারাও
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 3 June, 2020, 12:46 PM

সুন্দরী নারীর ছবি দিয়ে প্রেমের সম্পর্ক, বাদ যাননি প্রভাবশালী বাঘা নেতারাও

সুন্দরী নারীর ছবি দিয়ে প্রেমের সম্পর্ক, বাদ যাননি প্রভাবশালী বাঘা নেতারাও

চট্টগ্রামের জিপিএইচ ইস্পাতের মালিকের মেয়ের ছবি ও অন্যান্য তথ্য ব্যবহার করে ফেসবুকে ভুয়া আইডি খোলেন জোবাইরুল হক জিয়ান এক যুবক। বয়স ২২। সেই আইডি থেকে ফেলা টোপে বাঘা বাঘা নেতারাও সহজেই ধরা দেন। জিয়ান হয়ে যান ফেসবুকের ওই প্রান্তে থাকা নেতাদের স্বপ্নের রমণী!

রাতভর মেসেঞ্জার ভরে ওঠে প্রেমের আলাপে। শুধু কি লোকাল নেতা? না, আরও প্রভাবশালী বাঘা নেতাও আছেন এই তালিকায়। নগর ছাত্রলীগের নেতাও প্রেমের সেই জালে ধরা। এমনকি প্রশাসনেরও কারও কারও সঙ্গে মধুর আলাপনে ভরা তার ফেসবুক মেসেঞ্জারের ইনবক্স। ইনবক্সের সেই চ্যাটই একসময় হয়ে ওঠে তার মূল পুঁজি।

প্রথমে দাবি করেন টাকা, টাকা না দিলেই চ্যাটের স্ক্রিনশট ফাঁস করে দেওয়ার ভয় দেখান। পুলিশই জানাচ্ছে, এভাবে তিনি হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা।

শুক্রবার (২৯ মে) রাতে সাতকানিয়া সার্কেলের এএসপি হাসানুজ্জামান মোল্লার নেতৃত্বে সাতকানিয়া থানা পুলিশ এই ফেসবুক প্রতারককে গ্রেফতার করে। জিয়ানের কাছ থেকে এ সময় তিনটি মোবাইল ফোন ও পাঁচটি সিম কার্ড উদ্ধার করা হয়েছে। শনিবার (৩০ মে) তাকে সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের কাছে হস্তান্তর করা হয়।

জানা গেছে, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ছৈয়দাবাদ এলাকার আব্দুল আজিজের ছেলে জোবাইরুল হক জিয়ান (২২) দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে জিপিএইচ ইস্পাতের ম্যানেজিং ডিরেক্টর জাহাঙ্গীর আলমের মেয়ের ছবি ব্যবহার করে আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতা ছাড়াও চট্টগ্রাম মহানগরের দুই প্রভাবশালী যুবলীগ নেতা, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের দুই নেতা, মহানগর ছাত্রলীগের এক নেতা এবং সাতকানিয়া উপজেলা যুবলীগের এক নেতার সাথে জিপিএইচ মালিকের মেয়ে সেজে প্রেমালাপ করে আসছিল। প্রেমালাপের ভেতরেই নানা অজুহাতে তিনি টাকা চাইতেন। টাকা না দিলে ওই চ্যাটের স্ক্রিনশট ফাঁস করার ভয় দেখাতেন। এতে এদের অনেকেই তাকে টাকা দিতে বাধ্য হতেন। এভাবে কয়েক লাখ টাকা ওই যুবক আদায় করেছে বলে তথ্য পেয়েছে পুলিশ।

কয়েকজন নেতার প্রেমালাপ ও প্রতারণার কথা ছড়িয়ে পড়লে চট্টগ্রামে পিটুপি নামের এক প্রতিষ্ঠানের মালিক আশরাফুল আলম আলভী চট্টগ্রামের পাঁচলাইশ থানায় গত ২৭ এপ্রিল একটি মামলা দায়ের করেন। ওই মামলায় তিনি অভিযোগ করেন, দু’টি মোবাইল নম্বর ব্যবহার করে তার স্ত্রীর নাম দিয়ে আপত্তিকর ছবি আদান-প্রদান ও অশালীন কথোপকথন আদান-প্রদানের মাধ্যমে তার পরিচিত বিভিন্ন ব্যক্তি ও আত্মীয়স্বজনের কাছে থেকে টাকা দাবি করা হচ্ছিল।

এই অভিযোগের সূত্র ধরে পুলিশ মাঠে নামে নেপথ্যে থাকা মূল অপরাধীর খোঁজে। কিন্তু ধূর্ত এই যুবকের হদিসও পাচ্ছিল না পুলিশ। এর মধ্যেই একটি ভুলে ধরা পড়ে যায় জিহান নামের ওই যুবক। গত ঈদ উল ফিতরের সময় সাতকানিয়া-লোহাগাড়ার কেন্দ্রীয় এক আওয়ামী লীগ নেতার সঙ্গে ঈদ শুভেচ্ছার ভিডিও কলে জিপিএইচ মালিকের মেয়ের ছবি বসিয়ে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে ওই যুবক। এতে প্রতারক ওই যুবক সম্পর্কে প্রথম ধারণা পায় পুলিশ।

তদন্তে নেমে দেখা যায়, ‘জিপিএইচ মালিকের মেয়ের প্রেমে’ মগ্ন হয়ে কোনও নেতা কথা বলতে চাইলে অভিযুক্ত জিয়ান তার এক তরুণী আত্মীয়কে ব্যবহার করতো।

এদিকে শুক্রবার জিহান নামের ওই প্রতারককে আটক করার পর এখন আওয়ামী লীগের এক প্রভাবশালী তরুণ নেতা ছাড়াও দক্ষিণ জেলা আওয়ামী লীগের এক নেতা, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের দুই নেতা, সতিপাড়ার বাসিন্দা এক যুবলীগ নেতা ছাড়াও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সম্পাদকীয় পদধারী এক নেতা রীতিমতো আতঙ্কে আছেন বলে বিভিন্ন সূত্রে খবর মিলেছে। এরা সকলেই ‘জিপিএইচ মালিকের মেয়ে’ সেজে প্রতারণা করা ওই যুবকের সঙ্গে মেসেঞ্জারের ইনবক্সে অনেক প্রেমপূর্ণ ঘনিষ্ঠ আলাপ করেছেন বলে সূত্র জানিয়েছে।

জানা গেছে, গত এপ্রিলে নগরীর পাঁচলাইশ থানায় দায়ের করা এজাহারে যে দু’টি মোবাইল নম্বরের কথা উল্লেখ করা হয়েছিল, নেতাদের অনেকে সেই নম্বরগুলোতে টাকা বিকাশও করেছেন।

জিয়ানের বোন জান্নাতুল ফেরদৌস বলেন, রাজনীতি করার সুবাদে আমার ভাইয়ের সাথে সাতকানিয়া-লোহাগাড়ার সবার সুসম্পর্ক। আমাদের একমাত্র ভাইকে গ্রেফতারের পর আমার ১০০ বছর বয়সী পিতা আর ৮০ বছর বয়সী মা বারবার কেঁদে কেঁদে মূর্ছা যাচ্ছেন।

সাতকানিয়া সার্কেলের এএসপি হাসানুজ্জামান মোল্লাহ বলেন, তার (জিয়ান) বিষয়ে আমরা বিভিন্নভাবে তদন্ত চালাচ্ছি এবং এতে আরও কে কে জড়িত তাও শনাক্ত করার চেষ্টা চালাচ্ছি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status