ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্কুলছাত্রীকে বিয়ে করা ৬৫ বছর বয়সী রিকশাচালক গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 15 May, 2020, 3:36 PM

স্কুলছাত্রীকে বিয়ে করা ৬৫ বছর বয়সী রিকশাচালক গ্রেপ্তার

স্কুলছাত্রীকে বিয়ে করা ৬৫ বছর বয়সী রিকশাচালক গ্রেপ্তার

অষ্টম শ্রেণির এক ছাত্রীকে বিয়ে করেছেন ৬৫ বছর বয়সী রিকশাচালক সামছুল হক। ঘটনাটি ঘটেছে কুমিল্লার লালমাই উপজেলার পেরুলে। বিষয়টি আশপাশের লোকজনের মধ্যে জানাজানি হলে প্রতিবাদ ও সমালোচনা শুরু হয়। পরে কিশোরীর মা বয়োজ্যেষ্ঠ সামছুলের বিরুদ্ধে অপহরণের মামলা করেন। গতকাল বৃহস্পতিবার রাতে সামছুল হককে গ্রেপ্তার করা হয়। আর শারীরিক পরীক্ষার জন্য স্কুলছাত্রীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পঞ্চম শ্রেণিতে পড়ার সময় থেকে মেয়েটির সঙ্গে বয়োজ্যেষ্ঠ সামছুলের প্রেম ছিল বলে দাবি করেন তিনি। তাঁর রিকশায় স্কুলে আসতে-যেতে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। যেন সিনেমার কাহিনিও হার মানছে।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের ওই কিশোরীর বাবা ঢাকায় চাকরি করেন। ফলে গ্রামে থাকা পরিবারের অনেকটা স্থানীয় অভিভাবক হিসেবে দেখাশোনা করতেন পেরুল দীঘিরপাড়ার রিকশাচালক সামছুল হক। ওই কিশোরী এখন পেরুল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সামছুল হক নিজের রিকশায় তাকে নিয়মিত স্কুলে আনা-নেওয়া করতেন। কাজের কারণে মাঝেমধ্যে তিনি ওই বাড়িতে রাত্রিযাপনও করেছেন। এ নিয়ে স্থানীয়রা আপত্তি করলে তিনি প্রাপ্তবয়স্ক হলে ওই মেয়ের সঙ্গে নিজের ছেলে মনিরের বিয়ে দেবেন বলে এলাকায় প্রচার করেন। কিন্তু গত রোববার সামছুল হক সবাইকে হতবাক করে দিয়ে কিশোরীকে নিয়ে উধাও হন। এ নিয়ে স্থানীয়দের প্রতিবাদের পরিপ্রেক্ষিতে ১১ মে পেরুল দক্ষিণ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লোক মারফত সামছুল হক ও ওই শিক্ষার্থীকে ইউপি কার্যালয়ে হাজির করে বিস্তারিত জানতে চান।

ওই সময় সামছুল হক ছাত্রীর প্রাথমিক শিক্ষা সনদ, জন্মনিবন্ধন সনদ ও বিয়ের কাবিননামা উপস্থাপন করেন। প্রাথমিক সমাপনী পরীক্ষার সনদ ও জন্মনিবন্ধনে ওই কিশোরীর জন্ম তারিখ রয়েছে ২০০২ সালের ২ ফেব্রুয়ারি। ২০০৮ সালে জন্মনিবন্ধনের সময় পরিবারের পক্ষে মেয়ের বয়স বাড়িয়ে নেওয়ার অভিযোগ রয়েছে সামছুল হকের বিরুদ্ধে।

বিয়ের কাবিননামায় দেখা যায়, গত ১০ মে কুমিল্লা সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের নিকাহ রেজিস্ট্রার মুজিবুর রহমান সরকারের কার্যালয়ে পাঁচ লাখ টাকা মোহরানায় (বই নম্বর ৫৪, পৃষ্ঠা ২৮ ও ক্রমিক নম্বর ৪৪০) তাদের বিয়ে রেজিস্ট্রি হয়। এতে সামছুল হকের জন্ম তারিখ ১৯৫৫ সালের ১ মার্চ উল্লেখ রয়েছে। ওই কিশোরীকে নিয়ে হরিশ্চর এলাকায় বাসা ভাড়া করে থাকা শুরু করেছিলেন সামছুল। তাদের এই অসম বয়সের প্রেম, বিয়ের গল্প নিয়ে স্থানীয়দের মাঝে ও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা চলছে।

পেরুল দক্ষিণ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ জি এম শফিকুর রহমান বলেন, বিষয়টি জানতে পেরে তিনি দুজনকেই তাঁর কার্যালয়ে ডেকে আনেন। বর ৬৫ বছরের বৃদ্ধ। আর কনের ১৮ বছর পূর্ণ হয়নি। তবে তাদের উপস্থাপিত জন্মনিবন্ধন ও শিক্ষা সনদ অনুযায়ী তরুণী প্রাপ্তবয়স্ক। তাকে বারবার অনুরোধ করলেও সে পরিবারের কাছে ফিরে যেতে রাজি হয়নি।

এদিকে, স্থানীয়দের প্রতিবাদের মুখে স্কুলছাত্রীর মা বৃদ্ধ সামছুল হকের বিরুদ্ধে গতকাল সন্ধ্যায় লালমাই থানায় একটি অপহরণের মামলা করেন। এরই পরিপ্রেক্ষিতে লালমাই থানা পুলিশ রাতে লালমাইয়ের হরিশ্চর এলাকা থেকে সামছুল হককে গ্রেপ্তার করে এবং তাঁর বাসা থেকে স্কুলছাত্রীকে উদ্ধার করে।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব জানান, কিশোরীর মা গতকাল সন্ধ্যায় থানায় অপহরণের মামলা দিলে রাত ৩টার দিকে ৬৫ বছরের বৃদ্ধ রিকশাচালক সামছুল হককে গ্রেপ্তার করা হয়। আজ সকালে যথারীতি কুমিল্লা আদালতে পাঠানো হয়। আর ভিকটিম কিশোরীকে শারীরিক পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সামছুল হক জানান, তিনি শরিয়তের বিধান মেনে বিয়ে করেছেন। গত পাঁচ বছর নববধূর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিলেন।

পেরুল দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান ডালিম বলেন, জন্মসনদে বয়স বাড়িয়ে ও প্রলোভন দেখিয়ে ৬৫ বছরের এক বৃদ্ধ ১৩ বছরের কিশোরীকে পালিয়ে বিয়ে করেছেন। এটা শিশু নির্যাতন অপরাধ। মেয়েটির জীবন রক্ষায় যথাযথ ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি কামনা করেন তিনি।
স্কুলছাত্রীকে বিয়ে করা ৬৫ বছর বয়সী রিকশাচালক গ্রেপ্তার

স্কুলছাত্রীকে বিয়ে করা ৬৫ বছর বয়সী রিকশাচালক গ্রেপ্তার



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status