বিশ্বে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৬৫ হাজার ছাড়িয়ে গেছে, যা এককভাবে কোনো দেশে সর্বোচ্চ। এ ছাড়া দেশটিতে আক্রান্তের সংখ্যাও বিশ্বে সর্বোচ্চ, যা এরই মধ্যে ১১ লাখ ছাড়িয়ে গেছে।
জনস হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেম সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৩ হাজার ৭৮১ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৬৫ হাজার ৬৮ জনের। আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে ১ লাখ ৬৪ হাজার ১৫ জন।
সিএসএসই'র তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের মধ্যে নিউইয়র্ক অঙ্গরাজ্যেই সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। শনিবার সকাল পর্যন্ত এই অঙ্গরাজ্যে মৃত্যু হয়েছে অন্তত ২৩ হাজার ৮৩২ জনের। এর মধ্যে নিউইয়র্ক সিটিতেই মৃত্যু হয়েছে ১৮ হাজার ৩৯৯ জনের।
দেশটির অন্য অঙ্গরাজ্যগুলোর মধ্যে নিউজার্সিতে অন্তত ৭ হাজার ৫১৪ জন, মিশিগানে অন্তত ৩ হাজার ৫৬৭ জন এবং ইলিনয়ে অন্তত ২ হাজার ৩১২ জনের মৃত্যু হয়েছে।
যুক্তরাষ্ট্রজুড়ে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ৬৫ লাখ ৫১ হাজার ৮১০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।