পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা এলাকায় আইনজীবীর সহকারী(মুহুরি) সিদ্দিকুর রহমান খলিফাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। সোমবার সকাল ৮টার দিকে সদর উপজেলা শংকরপাশা ইউপির দক্ষিণ শংকরপাশা গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত সিদ্দিকুর রহমান খলিফা ওরফে সিদ্দিক মোহরী সদর উপজেলার শংকরপাশা ইউপির দক্ষিণ শংকরপাশা গ্রামের কাসেম আলী খলিফার ছেলে। তিনি পিরোজপুর জেলা আদালতের আইনজীবীর সহকারী হিসেবে কাজ করতেন এবং শংকরপাশা ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।
নিহতের বেয়াই শহিদুল ইসলাম খলিফা জানান, সকালে তার কর্মস্থলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। কিছুদূরে আসার পরই পূর্ব পরিকল্পিতভাবে সন্ত্রাসীরা মোটরসাইকেলে এসে সিদ্দিকুর রহমান খলিফাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় সিদ্দিকুরের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে সিদ্দিকুরের ছেলে রিপন খলিফাসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পিরোজপুর সদর হাসপাতালের চিকিৎসক আরিফ হাসান জানান, অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে হাসপাতালে নেয়ার আগেই সিদ্দিকুর রহমান খলিফা মারা যান।
পিরোজপুর এসপি হায়াতুল ইসলাম খান জানান, পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তদন্তের পর বিস্তারিত বলে যাবে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আটকে চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।