টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু দেখে ফেরার পথে বাসচাপায় দুই চিকিৎসক নিহত হয়েছেন। রোববার বিকেলে বঙ্গবন্ধু সেতু পূর্ব গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- লক্ষ্মীপুর সদর উপজেলার মনোহরপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে মায়েন উদ্দিন হামেম ও গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও গ্রামের সাঈদুর রহমানের মেয়ে সাদিয়া ইসলাম নদী। তারা দুইজনই টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ছিলেন।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই জায়েদ আব্দুল্লাহ বিন সরোয়ার জানান, বিকেলে বঙ্গবন্ধু সেতু দেখে কর্মস্থলে ফিরছিলেন হামেম ও সাদিয়া। এ সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা গোবিন্দগঞ্জ ট্রাভেলসের একটি বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।
তিনি আরো জানান, এ ঘটনায় কালিহাতী উপজেলার কামাক্ষামোড় এলাকা থেকে বাসটি উদ্ধার করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন।