ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
ট্রাম্পের ‘মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা’ সম্পর্কে যা জানা গেল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 27 January, 2020, 4:45 PM

ট্রাম্পের ‘মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা’ সম্পর্কে যা জানা গেল

ট্রাম্পের ‘মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা’ সম্পর্কে যা জানা গেল

আগামী মঙ্গলবারের মধ্যে নাকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা প্রকাশ করতে যাচ্ছেন। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে দ্বন্দ্বের অবসানের লক্ষ্যে দুই বছরেরও বেশি সময় আগে তার প্রশাসন এই চুক্তির খসড়া তৈরির কাজ শুরু করে। অবশেষে যুক্তরাষ্ট্র সেই চুক্তি প্রকাশ করছে।

ট্রাম্পের নীতি নির্ধারণী এই প্রস্তাবনার উন্মোচন করার কথা শোনা গেলেও অনেকবার তা বিলম্বিত হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি ইসরায়েল ঘনিষ্ঠ হিসেবে পরিচিতি ট্রাম্প প্রশাসন কথিত এই মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনার বেশিরভাগ বিষয় সম্পর্কে মানুষকে আন্দাজ করারও সুযোগ দেয়নি। এখন পর্যন্ত এই চুক্তি নিয়ে যা জানা গেছে তা আলজাজিরায় প্রকাশ করেছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও দেশটির আসন্ন পার্লামেন্ট নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী বেনি গান্টজের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের আগেই এই পরিকল্পনা প্রকাশ করবেন বলে নিজেই জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আগামী মঙ্গলবার তিনি ইসরায়েলের ওই নেতার সঙ্গে বৈঠক করবেন।

কথিত এই শান্তি চুক্তি ইতোমধ্যে প্রত্যাখান করেছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। এছাড়া তাদেরকে হোয়াইট হাউসে বৈঠকের আমন্ত্রণও জানায়নি ওয়াশিংটন। ট্রাম্প বলছেন, ‘এটা একটা দারুণ পরিকল্পনা। আমি চুক্তি করতে ভালোবাসি। সবাই বলে থাকেন ইসরায়েল আর ফিলিস্তিনির মধ্যে শান্তি প্রতিষ্ঠা যেকোনো কঠিন চুক্তির চেয়েও নাকি কঠিন।’

চুক্তিটি প্রকাশ পাচ্ছে যখন মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষে ট্রাম্পকে অভিশংসিত করতে বিচার প্রক্রিয়া চলছে এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু দুর্নীতির অভিযোগে তার দেশের পার্লামেন্টে বিচারপ্রক্রিয়া থেকে খালাস পাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছেন। এছাড়া ২ মার্চ ইসরায়েলে আর ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের নির্বাচনের বিষয়টি তো থাকছেই।

যুক্তরাষ্ট্র এর আগেও অনেকবার কথিত ওই শান্তি চুক্তিটি প্রকাশ করার চেষ্টা করেছিল কিন্তু নির্বাচন হলেও দুই দুইবার নেতানিয়াহু সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে না পেরে সরকার গঠনে ব্যর্থ হলে দেশটিতে রাজনৈতিক সঙ্কট তৈরি হয়। ঠিক ওই সময়ে শান্তি চুক্তি নিয়ে আলোচনার দায়িত্বে কে থাকবেন তা নিয়ে তৈরি হয় সংশয়।

যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট অব পিসের ইসরায়েল-ফিলিস্তিন বিষয়ক প্রোগ্রামের পরিচালক লুসি কুরৎজার এলেনবোগেন বলছেন, ‘যে শান্তি পরিকল্পনা রয়েছে সেটি বেশ কদিন আগেই প্রস্তুত হলেও, ওই পরিকল্পনা প্রকাশের বিষয়ে মার্কিন প্রশাসনে ধোঁয়াশা রয়েছে। কারণ উপযুক্ত সময়ের আগেই সেটি বেশ কয়েকবার প্রকাশের চেষ্টা করা হয়েছে।

ইসরায়েল-ফিলিস্তিন বিশেষজ্ঞ লুসি আরও বলেন, ‘অনেকে ভাবছেন ইসরায়েলের নির্বাচনের কারণে মার্কিন প্রশাসন হয়তো ধৈর্য ধরে আছে। কিন্তু এমনটা নাও হতে পারে।’ পর্যবেক্ষকরা বলছেন, ইসরায়েলের প্রধান দুই প্রতিদ্বন্দ্বী নেতাকে আমন্ত্রণ জানানোর মাধ্যমে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্ভাব্য প্রধানমন্ত্রীকে আগেই বিষয়টি জানিয়ে রাখছে।

ফিলিস্তিনের প্রত্যাখ্যান
ট্রাম্পের কথিত ‘শতাব্দীর সেরা চুক্তি’কে ইতোমধ্যে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। তারা বলছে, এই চুক্তির মাধ্যমে ব্যাপকভাবে ইসরায়েলের স্বার্থ সংরক্ষিত হবে, ট্রাম্প ২০১৭ সালের জানুয়ারিতে ক্ষমতায় আসার পর তার শাসনামলে ইসরায়েলের পক্ষে যেসব পদক্ষেপ নিয়েছেন এই চুক্তিটিও ঠিক সেসব পদক্ষেপের মতোই।

গত তিন বছরে বিতর্কিতভাবে ট্রাম্প প্রশাসন জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং মার্কিন দূতাবাস তেল আবিব থেকে সরিয়ে জেরুজালেমে স্থানান্তরিত করেছে। যার মাধ্যমে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের দুই রাষ্ট্র নীতি থেকে সরে এসেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

ট্রাম্প তার শাসনামলে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের বসতি স্থাপনকে আর আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে না মানার ঘোষণাও দিয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র জাতিসংঘের ফিলিস্তিন শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ কে তহবিল দেয়া বন্ধ করেছে ট্রাম্পের আমলেই। ফিলিস্তিনিদের বিরুদ্ধে এরকম নানা পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্র জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার পর থেকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ওয়াশিংটনের সঙ্গে সব ধরনের আলোচনা বন্ধ করে দিয়েছে। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ব্যক্তিগত সহকারী ও মুখপাত্র বলেন, ট্রাম্প গৃহীত যেকোনো পদক্ষেপ প্রত্যাখানে ফিলিস্তিনি নেতারা তাদের অবস্থানে অটল।

সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া এক বার্তায় ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) মহাসচিব সায়েব এরেকাত লিখেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে স্মরণ করিয়ে দিতে চাই, ফিলিস্তিন ভূখণ্ড দখল করেই ইসরায়েল রাষ্ট্র হয়েছে। ফিলিস্তিনিদের অধিকারের বিপক্ষে যায় এমন যেকোনো প্রস্তাবনা হবে ‘শতাব্দীর সবচেয়ে বড় প্রতারণা’।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status