এফডিসিতে গত সোমবার (৩০ ডিসেম্বর) অনুষ্ঠিত হলো ফিল্ম ক্লাবের নির্বাচন। আর এই নির্বাচনে প্রথমবারের মত অংশ নিয়ে ছিলেন নায়িকা সাদিকা পারভিন পপি। আর প্রথমবারেই বিজয়ের মালা গলায় পড়লেন তিনি। নির্বাহী সদস্য পদে লড়ে ৩২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি।
এই সাফল্যে বেশ উচ্ছ্বসিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রী। নির্বাচনে ফল ঘোষণা শেষে এক প্রতিক্রিয়ায় পূর্বপশ্চিমকে পপি বলেন, সকল ভোটার সহকর্মীদের কাছে আমি কৃতজ্ঞ। সবাইকে অনেক ভালোবাসা আমাকে সমর্থন দেয়ার জন্য। আজকের যে স্বীকৃতিটা আমি পেলাম তা আমার ক্যারিয়ারের বিরাট প্রাপ্তি হয়ে থাকবে।
নেতৃত্ব পেয়ে নিজের পরিকল্পনা নিয়ে পপি বলেন, আগের কমিটি যে কাজগুলো করেছে সেগুলোর সাফল্য ব্যর্থতা যাচাই করে নতুন পরিকল্পনায় কাজ করতে চাই। পুরনো কমিটি যে কাজগুলো হাতে নিয়েছিলো কিন্তু শেষ হয়নি সেগুলোও যেন সদস্যদের স্বার্থে দ্রুত সমাপ্ত হয় সেই চেষ্টাও থাকবে। হেরে যাওয়া মানেই কমিটি বা সংগঠন থেকে বিচ্যুত হয়ে যাওয়া নয় এটা নিশ্চিত করতে হবে যারা জয়ী হয়েছি তাদেরকে। প্রতিটি সদস্যের মতামতকে যেন গুরুত্ব দেয়া হয় সেই পরিবেশ তৈরি করতে হবে। আমার বিশ্বাস, সবাই মিলে চেষ্টা করলে সফল একটি সংগঠন হয়ে উঠবে বাংলাদেশ ফিল্ম ক্লাব। সেইসাথে সদস্যরাও উপকৃত হবেন।
নির্বাচনে অমিত হাসানের পূর্ণ প্যানেল নির্বাচিত হয়েছে।সভাপতি নির্বাচন করে ২৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অমিত হাসান। কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন,ওমর সানী(৩২৫), রত্না(৩৪৪),মাহমুদুল হক পলাশ(২৮৮), জাহিদ হোসেন(৩১৬), সাফি উদ্দিন সাফি(২৮২), রাফিউদ্দিন সেলিম(২৩২), রবিন খান(২৬৪), রশিদুল আমিন হলি(৩০১), আব্দুল্লাহ জেয়াদ(৩০০)।
প্রসঙ্গত, সদ্য শেষ হওয়া নির্বাচনে ৫১১ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৩৯০ জন।গত সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টা থেকে শুরু হয় ভোট গ্রহণ, চলে সন্ধ্যা ৬টা ৩০মিনিট পর্যন্ত।আর রাত ১১টা ১৮ মিনিটে আনুষ্ঠানিকভাবে এ নির্বাচনের ফল ঘোষণা করা হয়।