অডিও ফাঁস: নিজেকে মিডিয়ার ষড়যন্ত্রের শিকার দাবি করলেন নূর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 5 December, 2019, 8:47 PM
অডিও ফাঁস: নিজেকে মিডিয়ার ষড়যন্ত্রের শিকার দাবি করলেন নূর
সম্প্রতি ফাঁস হওয়া ফোনালাপের ঘটনায় নিজের ষড়যন্ত্রের শিকার বলে দাবি করছেন ডাকসু ভিপি নুরুল হক নূর। তিনি এক সংবাদ সম্মেলনে বলেছেন, এই ফোনালাপ খন্ডিতভাবে ছড়িয়ে তাকে হেয় প্রতিপন্ন করা হয়েছে এবং ছাত্রসমাজের কাছে তার বিশ্বাসযোগ্যতা নষ্ট করা হয়েছে। দুইটি বেসরকারি টেলিভিশন চ্যানেল ও একটি অনলাইন নিউজ পোর্টাল উদ্দেশ্যমূলকভাবে এই কাজ করেছে উল্লেখ করে তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এরা ক্ষমা না চাইলে আমি আইনি ব্যবস্থা নেব। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
নুর জানান, অডিওটির প্রথম অংশের কথোপকথন ছিল তার পরিচিত এক ভাইয়ের সঙ্গে, যেখানে তার খালার কনস্ট্রাকশন ফার্মের ১৩ কোটি টাকার একটি কাজের ব্যাংক গ্যারান্টি নিয়ে তিনি আলোচনা করেছিলেন। এটা একান্ত ব্যক্তিগত ও পারিবারিক ব্যবসা সংক্রান্ত বিষয়। কিন্তু দুটি টেলিভিশন চ্যানেল বিষয়টি বিকৃতভাবে উপস্থাপন করে। বলা হয়, তিনি প্রকল্প কর্মকর্তার সঙ্গে ১৩ কোটি টাকার ঠিকাদারি কাজ নিয়ে তদবির করছেন। একইভাবে একটি অনলাইনেও এই সংবাদ প্রকাশিত হয়েছে। কিন্তু প্রকৃত সত্য হচ্ছে, তিনি কোনো প্রকল্প কর্মকর্তার সঙ্গে কথা বলেননি কিংবা কোনো তদবির করেননি।
ডাকসু ভিপি আরো বলেন, অডিও ক্লিপটির দ্বিতীয় অংশে অন্য ব্যক্তির সঙ্গে তার কথোপকথন প্রচারিত হয়। এ নিয়ে দুটি সংবাদমাধ্যমে বলা হয়েছে, তিনি প্রবাসী কোনো এক ব্যক্তির কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন। আরেকটি চ্যানেল প্রচার করেছে যে যুক্তরাষ্ট্র প্রবাসী এক বিএনপি নেতার কাছে তিনি আর্থিক সহযোগিতা চেয়েছেন। কিন্তু প্রকৃত ঘটনাটি ছিল, জনৈক প্রবাসী ফোন করে তাকে সহযোগিতার কথা বলেন। কিন্তু তিনি বিষয়টি নাকচ করে দেন। পুরো ফোনালাপটি শুনলে আমার কথার সত্যতা পাওয়া যাবে।