ইউরোপিয়ান ফুটবলের ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের পুরষ্কার ব্যালন ডি অর। গত প্রায় এক যুগ ধরে এই পুরষ্কারটিকে একান্তই নিজেদের করে ফেলেছেন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি ও পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে গত বছর তাদের রাজত্বে হানা দিয়েছিলেন রিয়াল মাদ্রিদের ক্রোয়েশিয়ান তারকা লুকা মদ্রিচ।
তিনি অবশ্য এক মৌসুমের বেশি থাকতে পারেননি এ দৌড়ে। যে কারণে চলতি বছরের ব্যালন ডি অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকাতেও নেই মদ্রিচের নাম। বরাবরের মতো এবারের ব্যালনের লড়াইটাও হচ্ছে ত্রিমুখী। যেখানে মেসি-রোনালদোর সঙ্গে তৃতীয় ব্যক্তি হলেন লিভারপুলের ডাচ ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক।
আজ (সোমবার) বাংলাদেশ সময় রাত দেড়টায় ফ্রান্সের প্যারিসে ঘোষিত হবে ব্যালন জয়ী খেলোয়াড়ের নাম। তবে তার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউরোপিয়ান সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ফাঁস হওয়া তালিকা। যেখানে দেখা যাচ্ছে ব্যালন ডি অর পুরষ্কারের সেরা দশজনের নাম।
এ তালিকায় সবার ওপরে রয়েছেন মেসি, তার পয়েন্ট দেয়া আছে ৪৪৬। তার পরে ৩৮২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছেন ফন ডাইক। মজার বিষয় হলো, তিন নম্বরে নেই রোনালদো। তার জায়গা হয়েছে ৪ নম্বরে, পয়েন্ট মাত্র ১৩৩। রোনালদোর আগে ১৭৯ পয়েন্ট নিয়ে সেরা তিনে জায়গা করে নিয়েছেন লিভারপুলে ফন ডাইকের সতীর্থ মোহামেদ সালাহ।
এটি কোনো চূড়ান্ত তালিকা নয়। তবে এটি সত্য হওয়ার সম্ভাবনা দেখা গিয়েছে অন্য কারণে। জানা গিয়েছে, ব্যালন ডি অর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে থাকবেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। একই সময়ে তিনি গ্রহণ করবেন ইতালিয়ান লিগ সিরি 'আ'র মৌসুম সেরা খেলোয়াড়ের পুরষ্কার।
বলার অপেক্ষা রাখে না, সিরি 'আ'র চেয়ে অনেক বেশি মর্যাদার ব্যালন ডি অর পুরষ্কার। কিন্তু সেখানে তিনি থাকবেন না কেন? নিজে জিতবেন না জেনে? নাকি চির প্রতিদ্বন্দ্বী মেসির জেতার সম্ভাবনা বেশি দেখে?- দুটি প্রশ্নের উত্তরই ইতিবাচক।
কেননা সবশেষ ফিফা বর্ষসেরা পুরষ্কারে মেসি পুরষ্কার জেতার দিনে সেখানে ছিলেন না রোনালদো। তবে উয়েফা সেরার পুরষ্কারে ঠিকই ছিলেন রোনালদো, যে পুরষ্কারটি উঠেছিল ফন ডাইকের হাতে। এবার ব্যালন ডি অর পুরষ্কারে থাকবেন না রোনালদো, তবে কি পুরষ্কার উঠবে মেসির হাতে?
দুইয়ে দুইয়ে চার মেলানো সম্ভব অনেক। তবে আসল তথ্য জানা যাবে, আর কয়েক ঘণ্টা পরেই। বাংলাদেশ সময় রাত দেড়টায় ফ্রান্সের প্যারিসে ঘোষিত হবে ব্যালন জয়ী খেলোয়াড়ের নাম। আর এটি যে থাকছে মেসি বা ফন ডাইকের মধ্যে- তা একপ্রকার নিশ্চিতই বলা চলে।