চলন্ত বাসে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে নিপীড়নের চেষ্টা, বাসচালকসহ আটক ৩
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 1 December, 2019, 1:20 PM
চলন্ত বাসে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে নিপীড়নের চেষ্টা, বাসচালকসহ আটক ৩
চট্টগ্রামে চলন্ত বাসে এক ছাত্রীকে নিপীড়নের চেষ্টা হয়েছে। এ ঘটনায় বাসচালক ও তার দুই সহকারীকে আটক করা হয়েছে। ভুক্তভোগী ওই ছাত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পড়াশুনা করেন।
শনিবার (৩০ নভেম্বর) রাত ৮টার দিকে নগরের বাস টার্মিনাল এলাকা থেকে তাদের আটক করে পুলিশের গোয়েন্দা বিভাগ।
অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গোয়েন্দা) আসিফ মহিউদ্দীন জানান, বিভিন্ন ভিডিও ফুটেজ দেখে সোহাগ পরিবহনের ওই বাসটি শনাক্ত করা হয়। এর পর ওই বাসটির চালক ও তার দুই সহযোগীকে আটক করা হয়।
গত ২৭ নভেম্বর বেলা সাড়ে ৩টার দিকে নগরের বহদ্দারহাট এলাকায় ওই ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করে সোহাগ পরিবহনের একটি বাসের চালকের দুই সহকারী।
এ ঘটনায় গত বৃহস্পতিবার ফেসবুকে ভুক্তভোগী ওই ছাত্রী স্ট্যাটাস দিলে বিষয়টি গণমাধ্যমের নজরে আসে।
সেদিনের পুরো ঘটনার বর্ণনা দিয়ে ওই ছাত্রী তার ফেসবুকে লিখেছেন- ‘হ্যাঁ, আর পাঁচটা মেয়ের মতো আজ আমিও মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছি! পটিয়া গিয়েছিলাম বোনের বাসায় বেড়াতে। সাধারণত ট্রেনেই আসা-যাওয়া করি আমি; বাসে বমিটিংয়ের প্রবলেম থাকার কারণে ওঠাও কম হয়।
দুলাভাইয়ের বাসা মুন্সেফবাজার, গলি থেকে বের হলেই নাকি বাস পাওয়া যায় উনি বলেছিলেন, নতুন ব্রিজ কিংবা টার্মিনালের বাস। বাসা থেকে নেমে রিকশা নিয়ে মেইন রাস্তা অব্দি আসলাম। নেমে দাঁড়াতে দাঁড়াতেই একটা ‘সোহাগ’-এর বড় বাস আসছিল। হাত নাড়ালাম। থামলো, বাসে অতটা ভিড় ছিল না বললেই চলে, তবে খালিও কিন্তু ছিল না।
আমি কন্ডাক্টরকে জিজ্ঞেস করলাম বহদ্দারহাট যাবে কিনা! উনি বলল– যাবে, উঠলাম। জানালার পাশের সিট খুঁজছিলাম, মানুষ কম থাকলেও সবাই মোটামুটি জানালার পাশেই বসেছিল। অতঃপর সিট না পেয়ে এক আন্টির পাশে গিয়েই বসলাম আমি।
প্রথম থেকে ৩নং চেয়ারে। বাস চলছে। কন্ডাক্টর ছিলেন দুজন। একজন দরজার সামনে দাঁড়িয়েছিল আরেকজন টাকা তুলছিল।
কিছুক্ষণ পর একজন আসে, বলে ভাড়া দেন। আমি জিজ্ঞেস করলাম কত? জিজ্ঞেস করে কই যাবেন? আমি বললাম– মামা আমি ২নং গেট যাব, কোথায় নামলে সুবিধে হয়, উনি বললেন টার্মিনাল। আমি বললাম তা হলে টার্মিনালের ভাড়াই নেন। উনি ৬০ টাকা নিল, আর জিজ্ঞেস করল একা কিনা, আমি বললাম জি। ভেবেছিলাম হয়তো ভাড়ার জন্য বা ভাড়া নেয়ার জন্য জিজ্ঞেস করেছে।
এর পর থেকে উনি বারবার তাকিয়েছিল আমার দিকে। আমি অত পাত্তা না দিয়েই আবারও কানে হেডফোন গুজে বসেছিলাম।
আমার পাশের আন্টি নতুন ব্রিজ নেমে যায়, আমি জানালার পাশে গিয়ে বসি। এর পর বহদ্দারহাট কিনা জানি না, একটা জায়গায় এসে বাস দাঁড়ায় এবং অনেকজন নেমে যায়, আমি উঠে নেমে যাচ্ছিলাম কন্ডাক্টর বলে আপনি না ২নং যাবেন?
আপনাকে ওখানেই নামাই দিব বসেন। আমি দরজার পাশে প্রথম সিটে আবারও বসলাম। বাস ড্রাইভার মিরর দিয়ে বারবার তাকাচ্ছিল আমার দিকে, আমার সন্দেহ হতে থাকে, আমি পিছে তাকাই দেখি একটা মানুষও নেই।
আমি বললাম, ভাই আমাকে নামাই দেন আমি ২নং গেট যাব না। যিনি দরজার সামনে দাঁড়িয়েছিলেন, উনি দরজাটা খুব তাড়াতাড়ি আটকে দেন। আমি চিল্লাই উঠে বললাম- ড্রাইভার বাস থামান আমি নামব, উনি এমন ভান করছিল যেন উনি আমাকে শুনতেই পাচ্ছে না।
আমি ৯৯৯ টাইপ করছিলাম, এ সময় কন্ডাক্টর এসে আমার ব্যাগ নিয়ে নেয়। আমি ব্যাগ আটকানোর জন্য উনার সঙ্গে টানাটানি করছিলাম আর সারাক্ষণ চিৎকার করছিলাম জানালা দিয়ে। কন্ডাক্টর আমাকে ধাক্কা দেয় আমি দরজার সঙ্গে খুব জোরে বাড়ি খাই। আমি পা দিয়ে দরজায় লাথি মারছিলাম, আর চিৎকার করছিলাম।
আমার হিজাব টানছিল দুজন কন্ডাক্টরের একজন। আমি কান্না করে করে লাথি মারছিলাম দরজায় আর নিজেকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করছিলাম। রাস্তার কিছু মানুষ ব্যাপারটি হয়তো নোটিশ করেছিল, আমি জানি না। ড্রাইভার বলে ছেড়ে দে, সুবিধা নাই।
বাস থামায় আমি জিনিস নিয়ে নেমে পুলিশ বক্স খুঁজছিলাম, ইভেন আমি চিনিও না জায়গাটা। বাসের নম্বর দেখতে পারিনি সবকিছু ঝাপসা মনে হচ্ছিল। একটা রিকশা নিলাম আর বাসায় আসলাম। আলহামদুলিল্লাহ এখন আমি সুস্থ এবং আমার ক্ষতি করতে পারেনি।
জানি না হয়তো সুবিধে পায়নি বলে এ যাত্রায় আমি বেঁচে গেছি; কিন্তু অন্যদিন সুবিধে পেলে হয়তো অন্য একটি বোনের বা মায়ের রক্তাক্ত লাশ পাওয়া যাবে।
এ দেশে মেয়েদের অনেক সম্মান! অনেক বেশিই। আলহামদুলিল্লাহ_আমি_সুস্থ_আছি_ ।’