গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় জয় বিশ্বাস নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে ওই শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শিশু জয় বিশ্বাস ওই গ্রামের ধর্মেন্দ্রে বিশ্বাসের ছেলে।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার বিকেলে খেলতে বের হয় শিশুটি। এরপর থেকে সে আর ফিরে না আসায় বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান পায়নি পরিবারের লোকজন। এ ঘটনায় ওই শিশুর বাবা শুক্রবার সদর থানায় একটি জিডি করেন। শনিবার সকালে রঘুনাথপুর গ্রামে বাড়ির পাশের একটি পুকুরের মধ্যে ওই শিশুর লাশ ভাসতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কেউ শিশুটিকে হত্যার পর তার লাশ পুকুরের মধ্যে ফেলে যায়। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে। তবে শিশুটিকে কে বা কারা এবং কি কারণে হত্যা করা হতে পারে সে ব্যাপারে কোনো কারণ জানা যায়নি।
ঘটনার পর গোপালগঞ্জের অ্যাডিশনাল (সার্কেল) মো. ছানোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।