বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে এবারের বিপিএলের নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু বিপিএল। জনপ্রিয় এই ঘরোয়া আসরটি এবার ফ্র্যাঞ্চাইজি ছাড়াই বিসিবির সার্বিক তত্ত্বাবধানে আয়োজন করা হচ্ছে।
বিসিবির তত্ত্বাবধানেই এবারের আসরের উদ্বোধনী অনুষ্ঠান হবে ৮ ডিসেম্বর। জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের আভাস পাওয়া যাচ্ছিল আগে থেকেই। এবার জানা গেল, বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন বলিউড সুপাস্টার সালমান খান। এ ছাড়া এই অনুষ্ঠানে পারফর্ম করতে দেখা যাবে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে। দেশি তারকাদের মধ্যে গান পরিবেশন করবেন জেমস এবং মমতাজ।
খবরটি নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং বডির চেয়ারম্যান শেখ সোহেল। বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিপিএলকে সামনে রেখে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের গ্যালারি সংস্কার চলছে। এখানেই অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী ম্যাচ।
এ ছাড়াও টুর্নামেন্টটির বেশিরভাগ ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের হোম অব ক্রিকেটে। আগামী ১১ ডিসেম্বর উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে সিলেট থান্ডার্স। ১৭ জানুয়ারি ফাইনাল দিয়ে শেষ হবে জমকালো এই আসর।