ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
মেডিক্যাল রিপোর্টে কি জামিন পাবেন খালেদা জিয়া?
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 30 November, 2019, 11:59 AM

মেডিক্যাল রিপোর্টে কি জামিন পাবেন খালেদা জিয়া?

মেডিক্যাল রিপোর্টে কি জামিন পাবেন খালেদা জিয়া?

দীর্ঘ ২২মাস পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে গত ২৬ নভেম্বর রাজপথে নেমেছে দলটির নেতাকর্মীরা। এরপর গত বৃহস্পতিবার খালেদা জিয়ার জামিনের আবেদনের ওপর আপিল বিভাগে শুনানি অনুষ্ঠিত হয়। খালেদা জিয়ার মুক্তির প্রতিক্ষায় ছিলেন রাজনৈতিক অঙ্গন এবং তার আইনজীবীদের একটি অংশ। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টে বেগম জিয়ার জামিন বাতিল হলে তাঁর আইনজীবীদের করা আবেদনের আংশিক শুনানি নিয়ে জামিন আদেশের বিষয়ে ৫ ডিসেম্বর পরবর্তী দিন ধার্য করেন আপিল বিভাগ। একইসঙ্গে খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে জানতে মেডিকেল বোর্ডের রিপোর্ট চেয়েছেন আদালত। আগামী ৫ ডিসেম্বরের মধ্যে আপিল বিভাগে এ রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে।

বিএনপি নেতারা বলছেন, বেগম জিয়ার বর্তমান স্বাস্থ্যের যেই অবস্থা ডাক্তাররা যদি আদালতকে সঠিক রিপোর্ট দেয় তাহলে তার জামিন না হওয়ার কোন সম্ভাবনা নেই। আদালতে মেডিকেল বোর্ডের সঠিক তথ্য না দিলে আদালত অবমাননার শামিল হবে বলে মনে করেছেন বিএনপি নেতারা। খালেদা জিয়ার স্বাস্থ্যের জন্য যেই মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এই বোর্ড সঠিক কোন তথ্য দেয় না। তারা সরকারের শেখানো কথাই বলে থাকেন বলে অভিযোগ রয়েছে বিএনপির। তবে এই বোর্ডের রিপোর্টে কতটা আস্থা রয়েছে বিএনপির এবং বেগম জিয়ার জামিন না হওয়ার পিছনে বিভিন্ন যুক্তি তুলে ধরেছেন বিএনপি নেতারা।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন না হওয়ার পেছনে কারণ কি বলে মনে করেন? এমন প্রশ্নের জবাবে দলটির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, আজকাল বিচার বিভাগ বলতে কিছু নাই। আমরা আসা করছি ম্যাডাম জামিন পাওয়ার যোগ্য। তিনি জামিন পাবেন কিন্তু তার জামিন হচ্ছে না। আমরা মনে করি আমাদের নেত্রীকেই সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে জোর করে কারাগারে আটকে রেখেছে।

মানুষ যেভাবে স্বতঃস্ফূর্ত ভাবে বেগম জিয়ার মুক্তির জন্য মাঠে নেমে আসছে কিন্তু আদালত জামিন না দেওয়ার পেছনে কি কারণ রয়েছে বলে আপনি মনে করেন এমন প্রশ্নের জবাবে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, তারিখ শিফট করে পরবর্তীতে তারিখ ঘোষণা করা হয়েছে। কিন্তু তিন চার দিন আগে যদি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যটা বিবেচনা করি তাহলেই বোঝা যাবে যে, সরকারের হাত কখনো কখনো বিচার বিভাগ পর্যন্ত পৌঁছায়। কারণ ওবায়দুল কাদের বলেছেন, সব কিছু আমাদের নিয়ন্ত্রণে শুধু মাত্র বিএনপি নেতাদের বক্তব্য এবং কথাবার্তা বাদে। সব কিছু বলতে কি আদালতকেও ওনারা বুঝিয়েছেন? এ প্রশ্নটাতো ওনাকে আমার করতে হয়। যা কিছু হচ্ছে তা মানুষ ভালো ভাবে নিচ্ছে না। সাধারণ মানুষ রাস্তায় দেখলেই জিজ্ঞেস করবে বেগম খালেদা জিয়ার জামিন হচ্ছে না কেন? কিছু দিন আগে চৌদ্দ দলের সমন্বয় মোহাম্মদ নাসিম বলেছেন, নুসরাত হত্যার বিচার সরকার করিয়ে দেখিয়ে দিয়েছেন বিচারহীনতায় আমরা বিশ্বাস করি না। তার মানে নাসিম সাহেব স্বীকার করেছেন সরকারই সব কিছুর বিচার করেন, আদালতের প্রয়োজন নেই।

খালেদা জিয়ার জন্য যেই মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে এই বোর্ড কখনো সঠিক তথ্য দেয় না বলে দাবি করে বিএনপি। তাহলে এই বোর্ড সঠিক তথ্য দিবে বলে আপনি মনে করেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রিপোর্ট সম্পর্কিত বিষয়ে বিভিন্ন সময় দেখা গেছে বিএসএমএমইউর যেই পরিচালক তিনি কথা বলেন। পরিচালকের দায়িত্ব হচ্ছে প্রশাসনিক তিনি কিন্তু চিকিৎসা ক্ষেত্রে কোন হস্তক্ষেপ করতে পারেন না। তিনি পুরোপুরি প্রশাসনিক কিন্তু তিনি জবাব দেন প্রতিটি কথার রাজনীতি দলের প্রতিনিধির মতো। এটাতো জবাব দিবেন বোর্ডের যারা সিনিয়র রয়েছেন তারা। তারা কিন্তু জবাব দিচ্ছে না, জবাব দিচ্ছে পরিচালক। তার মানে এখনেও সরকারের হাত রয়েছে এটা প্রমাণিত। যার দায়িত্ব না তিনি কেন মিডিয়ায় জবাব দিবেন? জবাব দিবেন তো মেডিকেল বোর্ডের সংশ্লিষ্ট ডাক্তাররা। এখান থেকে সঠিক কোন রিপোর্ট যাবে বলে মনে করি না ; বলেন বিএনপির এই নেতা।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেন, সারাদেশের মানুষ তাকিয়ে রয়েছে কখন খালেদা জিয়ার জামিন হবে এবং তিনি সুচিকিৎসা লাভ করবেন। দেশের মানুষ একটি অস্থির অবস্থায় মধ্যে রয়েছেন। আমরা বিচার ব্যাবস্থার ওপর আস্থা রাখতে চাই। জামিন ওনার অধিকার দেশের নাগরিক হিসেবে প্রাপ্য সেটাই আমরা চাচ্ছি। খালেদা জিয়ার জন্য গঠিত মেডিক্যাল বোর্ড কি সঠিক তথ্য দিবে বলে আপনি মনে করেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আসা করবো বোর্ড সঠিক তথ্য আদালতকে দেবে। বোর্ড যদি সঠিক তথ্য না দেয় সেটা আমি মনে করি আদালত অবমাননার শামিল হবে। দলীয় কোন নেতারা তার সাথে সাক্ষাৎ করতে পারছে না। তার (খালেদা জিয়ার) পরিবার যখন সাক্ষাৎ করছেন তাদের কাছ থেকে আমরা শুনছি তার অবস্থা খুবই খারাপ। এছাড়া যারা দেখেছে তারাও বলেছে খালেদা জিয়ার অবস্থা খুবই খারাপ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status