লক্ষ্মীপুরের রামগঞ্জে নিজ দোকান থেকে সোহাগ মুছুল্লী নামের এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার জিয়া শপিং কমপ্লেক্স মার্কেটের ইরানী বোরকা হাউজ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত ব্যবসায়ী উপজেলার পৌর জগৎপুর গ্রামের আবদুর রব মুছুল্লীর ছেলে।
মৃতের দোকানের কর্মচারী আকরাম হোসেন জানান, প্রতিদিনের মতো সকালে দোকান খুলে ভেতরে ঢুকতেই মালিক সোহাগ মুছুল্লীকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় তিনি চিৎকার দিলে আশপাশের ব্যবসায়ীরা পুলিশকে বিষয়টি জানান।
মৃতের ছোট ভাই সোহেল মুছুল্লী জানান, পাঁচ মাস আগে সোহাগ মুছুল্লী বিয়ে করেন। মঙ্গলবার রাতে স্থানীয় একটি মাজার শরীফের ওরসে যাওয়ার কথা বলে নিজ বাড়ি থেকে বের হন তিনি। বুধবার সকালে জিয়া শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীরা তাকে ফোন করে সোহাগের আত্মহত্যার খবর জানান।
রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে সোহাগের মরদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। তবে আত্মহত্যার কারণ তদন্তের পর জানা যাবে।
তিনি আরো জানান, মরদেহের পাশে ‘আমার মৃত্যু জন্য কেউ দায়ী নয়ে’ লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।