বর্তমানে বাংলাদেশের উচ্চস্তর থেকে নিম্নস্তর প্রায় সকল ধরনের মানুষই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করেন। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে ফেসবুক একটি আসক্তির মত। এছাড়া ফেসবুকের মাধ্যমে নিজদের ব্যবসায় পরিচালনা করছে শত শত অনলাইন নিউজ পোর্টাল ও অনলাইন নির্ভর অন্যান্য ব্যবসায় প্রতিষ্ঠান। আর এই সু্যোগে বংলাদেশ থেকে কোটি কোটি হাজার টাকা আয় করে নিচ্ছে ফেসবুক। চলতি বছর বাংলাদেশ থেকে তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) তিন মাসে ফেসবুক আয় করেছে তিন হাজার ৬০ কোটি টাকা বা ৩৬ কোটি মার্কিন ডলার।
এ হিসাবে বছরে চার প্রান্তিক থেকে ফেসবুকের আয় গড়ে ১২ হাজার কোটি টাকার মতো। তৃতীয় প্রান্তিকে ফেসবুকের মোট রাজস্ব আয় বাংলাদেশি টাকায় দেড় লাখ কোটি টাকার বেশি। এ হিসাবে বাংলাদেশ থেকে আয়ের পরিমাণ ফেসবুকের মোট আয়ের শূন্য দশমিক দুই শতাংশ (০.২)। আন্তর্জাতিক আয়ের ওপর নির্দিষ্ট হারে কর এবং অন্যান্য ব্যয় বাদে এ প্রান্তিকে ফেসবুকের নিট মুনাফার পরিমাণ বাংলাদেশি টাকায় প্রায় ৫১ হাজার ৭৭৩ কোটি টাকা। গত ৩০ অক্টোবর প্রকাশিত তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। গতকাল রোববার (১৭ নভেম্বর) এটি সবার জন্য উন্মুক্ত করা হয়েছে ফেসবুক ইনভেস্টর রিলেশনস ওয়েবসাইটে।
যুক্তরাষ্ট্রের এই কোম্পানির তৃতীয় প্রান্তিকের প্রতিবেদনে বলা হয়েছে, এ প্রান্তিকে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ব্যবহারকারীপ্রতি ফেসবুকের আয় ১৫ মার্কিন ডলার। বাংলাদেশ এ অঞ্চলের অন্তর্ভুক্ত। চলতি বছরের শুরুর দিকে ফেসবুক প্রকাশিত ব্যবহারকারীর পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে ফেসবুকের অ্যাকাউন্ট সংখ্যা বা ব্যবহারকারীর সংখ্যা দুই কোটি ৪০ লাখ। বাংলাদেশে শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন ২০১৮ সালে আয় করেছিল প্রায় ১৩ হাজার ২৮০ কোটি টাকা। বাংলাদেশ সরকারকে কর দিয়ে এবং বছরে বিনিয়োগ ও অন্যান্য খরচ বাদে তাদের নিট মুনাফা ছিল প্রায় তিন হাজার ৪০০ কোটি টাকা। অন্যদিকে বিশ্বের বিভিন্ন দেশে ফেসবুকের ব্যবহারকারী প্রায় ২৪০ কোটি। যাদের মধ্যে প্রতিদিন সক্রিয় থাকে প্রায় ১৬২ কোটি ব্যবহারকারী। এদের মধ্যে যুক্তরাষ্ট্র ও কানাডার ফেসবুক ব্যবহারকারীরা কর দেয় যুক্তরাষ্ট্র সরকারকে। অন্যান্য দেশগুলোর ব্যবহারকারীরা সংশ্নিষ্ট ‘ফেসবুক আয়ারল্যান্ডের’ সঙ্গে। ১৯৮০ সালে প্রণীত যুক্তরাষ্ট্রের বহুজাতিক কোম্পানিগুলোর জন্য প্রণীত ‘দ্বৈত’ আইরিশ চুক্তির আওতায় ‘ফেসবুক আয়ারল্যান্ড’কে শুধু ২ থেকে ৩ শতাংশ হারে আন্তর্জাতিক কর দিতে হয়।