ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬ ● ৪ কার্তিক ১৪৩৩
গাজীপুর-এয়ারপোর্ট বিআরটি প্রকল্পে বড় পরিবর্তনের সিদ্ধান্ত, হবে ৬ লেনের সাধারণ সড়ক
স্টেশন ও লেন ডিভাইডার অপসারণ, দুই ওভারপাস চার লেনে উন্নীত করার উদ্যোগ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 20 October, 2026, 9:06 PM

গাজীপুর-এয়ারপোর্ট বিআরটি প্রকল্পে বড় পরিবর্তনের সিদ্ধান্ত, হবে ৬ লেনের সাধারণ সড়ক

গাজীপুর-এয়ারপোর্ট বিআরটি প্রকল্পে বড় পরিবর্তনের সিদ্ধান্ত, হবে ৬ লেনের সাধারণ সড়ক

গাজীপুর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রকল্পের বিআরটি করিডোরের স্টেশন ও লেন ডিভাইডার অপসারণ করে সেটিকে ৩+৩ লেনের সাধারণ মহাসড়কে রূপান্তরের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা বৈঠক।

গত ১৮ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ‘গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রজেক্ট (বিআরটি, গাজীপুর-এয়ারপোর্ট)’-এর ভবিষ্যৎ করণীয় নির্ধারণের বিষয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরদিন ১৯ অক্টোবর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটি শাখা থেকে এ-সংক্রান্ত চিঠি জারি করা হয়।

চিঠিতে বলা হয়েছে, বিআরটি করিডোরের স্টেশন, লেন ডিভাইডারসহ সংশ্লিষ্ট স্থাপনা অপসারণ করে করিডোরটিকে ৩+৩ লেনবিশিষ্ট সাধারণ হাইওয়েতে রূপান্তরের প্রস্তাবটি উপযুক্ত। পাশাপাশি বিদ্যমান দুটি দুই লেনের ওভারপাসকে চার লেনে উন্নীত করার কার্যক্রম নেওয়া যেতে পারে।

এ ছাড়া প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করে বিদ্যমান আইনি জটিলতা নিরসনের উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে। একই সঙ্গে ‘ঢাকা বাস র‌্যাপিড ট্রানজিট পিএলসি’ বন্ধ করে এর কার্যক্রম সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় আনার প্রস্তাবও দেওয়া হয়েছে।

মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। এ জন্য জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন আগামী ১৫ দিনের মধ্যে জমা দিতে বলা হয়েছে। বাস্তবায়ন কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত প্রতি মাসের ৩ তারিখের মধ্যে অগ্রগতি প্রতিবেদন পাঠানোর নির্দেশনাও রয়েছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব তাসলিমা আহমেদ পলি স্বাক্ষরিত চিঠিটি ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ), সড়ক ও জনপথ অধিদপ্তর এবং ঢাকা বাস র‌্যাপিড ট্রানজিট পিএলসিসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গাজীপুর-এয়ারপোর্ট বিআরটি প্রকল্পের ভবিষ্যৎ কাঠামো পরিবর্তনের এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে করিডোরটির বর্তমান অবকাঠামো ও যান চলাচলব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে। তবে চিঠিতে প্রস্তাবিত পরিবর্তনগুলোর বাস্তবায়ন-পদ্ধতি ও সময়সীমা বিস্তারিত উল্লেখ করা হয়নি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status