বঙ্গবন্ধু বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের তৃতীয় ও চতুর্থ রাউন্ডেও দল পেলেন না বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তবে হাসান মাহমুদ ও মেহেদী হাসানের মতো তরুণরা এরই মধ্যে দল পেয়ে গেছেন।
এই দুই রাউন্ড শেষে দল পেলেন যারা : আরাফাত সানি ও জহুরুল ইসলাম অমিকে নিয়েছে রংপুর। হাসান মাহমুদ ও মেহেদী হাসানকে নিয়েছে ঢাকা প্লাটুন। সিলেটে সুযোগ পেয়েছেন নাজমুল ইসলাম অপু ও সোহাগ গাজী। চট্টগ্রামে জায়গা পেয়েছেন নাসির হোসেন ও রুবেল হোসেন। ফরহাদ রেজা ও আবু জায়েদ রাহিকে দলে নিয়েছে রাজশাহী। খুলনায় সুযোগ পেয়েছেন নাজমুল হাসান শান্ত ও আমিনুল ইসলাম বিপ্লব। সাব্বির রহমান ও ইয়াসির আলী রাব্বিকে নিয়েছে কুমিল্লা।
আজ রাজধানীর এক হোটেলে অনুষ্ঠিত আসরের প্লেয়ার্স ড্রাফট। এরই মধ্যে ড্রাফটের দুই রাউন্ড শেষ। কিন্তু প্রথম দুই রাউন্ডের একটিতেও ডাক পাননি ‘এ’ প্লাস বিভাগে থাকা মাশরাফি বিন মুর্তজা। এই বিভাগে থাকা বাকি তিন ক্রিকেটার প্রথম দুই রাউন্ডেই বিক্রি হয়েছেন।
প্রথম রাউন্ডে মুশফিকুর রহিমকে দলে ভিড়িয়েছে প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্স। ওপেনার তামিম ইকবালকে দলে নেয় ঢাকা প্লাটুন। এ ছাড়া চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে খেলবেন মাহমুদউল্লাহ আর সৌম্য সরকারকে নিয়েছে কুমিল্লা ওয়ারিয়র্স, মুস্তাফিজুর রহমানকে নিয়েছে রংপুর রেঞ্জার্স, সিলেট দলে নিয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতকে, ডানহাতি ব্যাটসম্যান লিটন দাসকে নিয়েছে রাজশাহী।
রাজধানীর একটি হোটেলে আসরের প্লেয়ার্স ড্রাফট শুরু হয় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এর উদ্বোধন করেন। এবারের বিপিএলে অংশ নেওয়া দলগুলো হচ্ছে- যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন, প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্স, রাজশাহী রয়্যালস, রংপুর রেঞ্জার্স, সিলেট থান্ডার, কুমিল্লা ওয়ারিয়র্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
বিপিএলের সব দলের সঙ্গে যুক্ত হয়েছেন একজন করে বিসিবি পরিচালক। ঢাকা প্লাটুনের সঙ্গে যুক্ত হয়েছেন গাজী গোলাম মুর্তজা, চট্টগ্রাম দলের সঙ্গে থাকবেন জালাল ইউনুস, রাজশাহীতে এনায়েত হোসেন সিরাজ, খুলনা টাইগার্সের সঙ্গে থাকবেন খালেদ মাহমুদ সুজন, কুমিল্লায় নাঈমুর রহমান দুর্জয়, রংপুরে আকরাম খান ও সিলেটের সঙ্গে থাকছেন তানজিল চৌধুরী।
দেশের ১৮১ ক্রিকেটার রয়েছেন বিপিএলের এবারের ড্রাফটে। এর মধ্যে শীর্ষ ক্যাটাগরি ‘এ প্লাসে’ স্থান পেয়েছেন মাত্র চারজন ক্রিকেটার। তাঁরা হলেন মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ।