প্রথম দুই রাউন্ডের পর এখন পর্যন্ত অবিক্রীত থেকে গেছেন মাশরাফি বিন মুর্তজা, কোনো দল ডাকেনি বাংলাদেশের ওয়ানডে অধিনায়ককে। তৃতীয় রাউন্ডে কেউ না কিনলে এবারের বিপিএলে দেখা যাবেনা নড়াইল এক্সপ্রেসকে।
প্রথম ডাকে খুলনা টাইগার্স দলে ভিড়িয়েছে মুশফিকুর রহিমকে, ঢাকা প্লাটুন দলে টেনেছে তামিম ইকবালকে। রাজশাহী রয়্যালস দলে টেনেছে লিটন কুমার দাসকে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলে নিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে। রংপুর রেঞ্জার্স দলে নিয়েছে মুস্তাফিজুর রহমানকে। ১ম ডাকে কুমিল্লা ওয়ারিয়র্স নিয়েছে সৌম্য সরকারকে। মোসাদ্দেক হোসেন সৈকতকে নিয়েছে সিলেট থান্ডার।
দ্বিতীয় ডাকে সিলেট থান্ডার নিয়েছে মোহাম্মদ মিঠুনকে। কুমিল্লা ওয়ারিয়র্স নেয় আল আমিন হোসেনকে। মোহাম্মদ নাইম শেখকে নেয় রংপুর রেঞ্জার্স। ইমরুল কায়েসকে নেয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আফিফ হোসেন ধ্রুবকে নেয় রাজশাহী রয়্যালস। ঢাকা প্লাটুন নেয় এনামুল হক বিজয়কে। খুলনা টাইগার্স পছন্দ করে নেয় শফিউল ইসলামকে।
কুমিল্লার কোচ গিবসন
প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কোচের দায়িত্ব পালন করতে এসেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ ওটিস গিবসন। কুমিল্লা ওয়ারিয়র্সের দায়িত্ব দেয়া হয়েছে ওয়েস্ট ইন্ডিজের এই কোচকে। রবিবার (১৭ নভেম্বর) বঙ্গবন্ধু বিপিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠানে তাঁকে দেখা গেছে।
২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা দলের প্রধান কোচের দায়িত্ব নেন ওটিস গিবসন। ২০১৯ সালের ইংল্যান্ড বিশ্বকাপ পর্যন্ত তাঁর জন্য চুক্তি ছিল দক্ষিণ আফ্রিকার। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বাজে পারফরমেন্সে তার সাথে চুক্তি বাড়ায়নি দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।
বিপিএলের গত আসরগুলোতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে দায়িত্ব পালন করা কোচ মোহাম্মদ সালাউদ্দিন এবার যমুনা ব্যাংক ঢাকা প্লাটুনের দায়িত্বে রয়েছেন।