বরিশালের বাবুগঞ্জ উপজেলায় একটি জঙ্গল থেকে পুতুল (৪৮) নামের এক নারীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আহত অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) উপজেলার জাহাঙ্গীরনগর (আগরপুর) ইউনিয়নের ভূতেরদিয়ে কলেজ সংলগ্ন একটি জঙ্গল থেকে তাকে উদ্ধার করা হয়।
বাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি মিজানুর রহমান বলেন, এক নারীর গোঙ্গানীর শব্দ পেয়ে পথচারীরা জঙ্গলে গিয়ে ওই নারীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তারা থানায় খবর দিলে পুলিশ গিয়ে পুতুলকে উদ্ধার করে প্রথমে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য পরে তাকে বরিশাল হাসপাতালে পাঠানো হয়। আহতের মাথায় ও শরীরে ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে বলে জানান ওসি।