ছোটবেলা থেকে ডিম-মাংস খেলে নরখাদকে পরিণত হবে বাচ্চারা : বিজেপি নেতা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 31 October, 2019, 6:52 PM
ছোটবেলা থেকে ডিম-মাংস খেলে নরখাদকে পরিণত হবে বাচ্চারা : বিজেপি নেতা
ছোটবেলা থেকে ডিম-মাংস খেলে নরখাদকে পরিণত হবে বাচ্চারা, সম্প্রতি এমনটাই দাবি করেছেন বিজেপি নেতা গোপাল ভার্গব। ভারতের মধ্যপ্রদেশ সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মিড-ডে মিলে স্কুলের বাচ্চাদের ডিম দেওয়া হবে। সেই প্রসঙ্গেই গোপাল ভার্গব বলেছেন, ছোট থেকে ডিম-মাংস খেলে নরখাদক হওয়ার সম্ভাবনা তৈরি হবে বাচ্চাদের মধ্যে।
তিনি বলেছেন, আমাদের সনাতন সংস্কৃতিতে আমিষ খাবার খাওয়া নিষিদ্ধ। শৈশব থেকেই আমরা যদি আমিষ খাবার খাই, তবে বড় হয়ে আমরা মানুষখেকো হয়ে যেতে পারি।
তিনি আরও বলেছেন, একটা ‘অপুষ্ট’ সরকারের এ ছাড়া কী-ই বা প্রত্যাশা করা যেতে পারে? যারা খেতে চায় না, তাদেরও ওরা ডিম দেয়। কাউকে যা খুশি খেতে বাধ্য করা যায় না।
রাজ্যের কমলনাথের কংগ্রেস সরকার অপুষ্টি মোকাবিলায় আগামী মাস থেকে অঙ্গনওয়াড়ির বাচ্চাদের মিড ডে মিলে ডিম চালু করার সিদ্ধান্ত নিয়েছে বলে বুধবার জানিয়েছেন মধ্যপ্রদেশের মহিলা ও শিশুকল্যাণমন্ত্রী ইমারতি দেবী। তাতেই এই প্রতিক্রিয়া বিজেপি নেতার।
তবে বিরোধী নেতার অভিযোগের মুখে ইমারতী ডিম আমিষ খাবার নয় বলে দাবি করেছেন। বলেছেন, ওরা যা খুশি বলতে পারে। অপুষ্টির ফলে অসুস্থ বাচ্চাদের পরীক্ষা করে ডাক্তাররা যেখানে ডিম ওদের স্বাস্থ্যের পক্ষে ভাল বলেছেন, তবে তাকে উপকারী বলতেই হবে। তাছাড়া ডিম আমিষের তালিকায় পড়ে না, তা নিরামিষের মধ্যে পড়ে।
এ মাসেই এর আগে ঝাবুয়ার ভোটারদের ভার্গব বলেছিলেন, বিজেপি প্রার্থী ভানু ভুরিয়াকে ভোট দিন, কেননা তিনি ভারতের প্রতিনিধিত্ব করেন, কিন্তু তাঁর প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী পাকিস্তানের প্রতিনিধি। এজন্য ভার্গবকে সতর্ক করেছিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। তাদের নির্দেশে তাঁর বিরুদ্ধে এফআইআরও করা হয়।
বেফাঁস মন্তব্য করার ক্ষেত্রে বিজেপি নেতাদের জুড়ি মেলা ভার। ত্রিপুরের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব দাবি করেছিলেন মহাভারতের যুগে ইন্টারনেট ছিল। আবার সাধ্বি প্রজ্ঞার দাবি, গোমূত্র খেলেই সেরে যায় ক্যানসার। এই তালিকায় রয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।
২০১৪ সালের গণপতি উত্সবে মোদি বলেছিলেন, প্লাস্টিক সার্জারির প্রথম নিদর্শন গণেশ। নিউটনের বদলে আইনস্টাইনকে দিয়েই মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করিয়েছিলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। আপেল গাছের নিচে বসে আপেল পড়া দেখে স্যার আইজ্যাক নিউটন মাধ্যাকর্ষণ তত্ত্ব আবিষ্কারের অনেক আগে এ কথা বলা হয়েছিল ভারতীয় শাস্ত্রেই, এমন মন্তব্য করছিলেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল। এবার বিজেপি নেতাদের এই বেফাঁস মন্তব্যের তালিকায় জুড়ল গোপাল ভার্গবের নামও।