বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কোরবানির পর থেকে পেঁয়াজের দাম শুরু হয়েছে ৬০ টাকা, ৭০ টাকা, ৮০ টাকা, ১০০ টাকা, এখন ১৪০ টাকা। আপেলের চেয়ে পেঁয়াজের দাম বেশি হয়ে গেছে, এটা তো মশকরা হওয়ার কথা, মশকরা হবেই।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ নামের একটি সংগঠন এ সভার আয়োজন করে।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, মশকরা করে অনেকেই বলছে যে এত দাম দিয়ে খাওয়ার কী দরকার? তাহলে কাল ডিমের দাম বেড়ে গেলে ডিম খাবেন না, তেলের দাম বেড়ে গেলে তেল খাবেন না, চালের দাম বেড়ে গেলে চাল খাবেন না। এর চেয়ে সহজ পন্থা পৃথিবীতে আর কিছু আছে?
তিনি বলেন, দেশ কোথায় গিয়ে দাঁড়িয়েছে জনগণকে কোনো তোয়াক্কা না করেই এসব কাজ করা হচ্ছে। আমি আমরা (সরকার) জনগণের তোয়াক্কা করি না, আপনারদের ভোটের দরকার নেই। যাদের জনগণের কাছে কোনো জবাবদিহিতা নেই, যারা জনগণের মালিকানা নিয়ে ঘুরাচ্ছে, তাদের কাছে কে পেঁয়াজ খেতে পারলো আর কে পেঁয়াজ খেতে পারল না এই বিষয়ে কোনো মাথাব্যথা নেই।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, খুনের আসামি জামিন পাচ্ছে, ধর্ষক জামিন পাচ্ছে, কিন্তু বেগম খালেদা জিয়া জামিন পাচ্ছেন না। দেশের মানুষের কাছে এটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে যে, সবাই জামিন পাবে বেগম জিয়া জামিন পাবেন না।
দেশে কোনো বিচার ব্যবস্থা নেই দাবি করে তিনি বলেন, সরকারের মন্ত্রীরা বলে দেন মামলার রায় কবে হবে। দশ দিনে বিচার হবে না ১৫ দিনে হবে এটা কি তারা বলতে পারেন? এর শাস্তি হয়ে যাবে ওর শাস্তি হয়ে যাবে এটা তারা বলে দেন। দেশের বিচার ব্যবস্থার একটি ধারা আছে। ডিউ প্রসেস অব ল- এই প্রসেসে কার কী হবে সেটা বিচার বিভাগ সিদ্ধান্ত নেবে। কিন্তু আজ সব বলা হয়ে যাচ্ছে।
খসরু বলেন, যে দেশে প্রধান বিচারপতিকে চাকরি থেকে জোর করে অপসারণ করা হয় এবং মাথায় পিস্তল ঠেকিয়ে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়, যে দেশে তারেক রহমানের পক্ষে রায় দেয়ার কারণে বিচারপতিকে চাকরিচ্যুত হতে হয়, যে দেশে মন্ত্রীরা কার কী বিচার হবে আগেভাগে বলে দেন, সেখানে আপনারা কীভাবে বিচার আশা করেন?
তিনি বলেন, বেগম খালেদা জিয়া বিচার পাবেন না। আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে, দেশবাসীকে প্রস্তুত থাকতে হবে। দেশের মালিকানা আপনাদের হাতে তুলে নিতে হবে।