ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব গোপন রাখার দায়ে শর্তসাপেক্ষে এক বছরের জন্য মাঠের বাইরে চলে গেছেন টাইগারদের টেস্ট দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। স্বাভাবিকভাবেই তিনি নেই ভারত সফরে। তার জায়গায় ব্যাটসম্যান মুমিনুল হককে অধিনায়ক করে ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।
মঙ্গলবার রাতে ঘোষিত এই দলে ফিরেছেন পেসার আল-আমিন হোসেন। দলে ঢুকেছেন আরো দুই পেসার কামরুল ইসলাম রাব্বি ও এবাদত হোসেন। নিষিদ্ধ হওয়া সাকিবের জায়গায় খেলবেন তাইজুল ইসলাম।
বাঁহাতি ব্যাটসম্যান মুমিনুলকে অধিনায়ক করার ব্যাপারে বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান জানান, মুমিনুল টেস্টে খুব ভালো। এছাড়া ভবিষ্যতের কথাও আমাদের চিন্তা করতে হবে।
ভারত সফরের টেস্ট দলে জায়গা পেয়েছেন নতুন মুখ সাইফ হাসান। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত খেলার স্বীকৃতি পেলেন ২০ বছর বয়সী এই ব্যাটসম্যানের।
বাংলাদেশ টেস্ট স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, ইমরুল কায়েস, সাইফ হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিথুন, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আল-আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান, কামরুল ইসলাম রাব্বি, এবাদত হোসেন।