ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
সন্ত্রাসের রাজত্ব কায়েম করেন খালেদ ভূঁইয়া
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 28 October, 2019, 10:10 AM

সন্ত্রাসের রাজত্ব কায়েম করেন খালেদ ভূঁইয়া

সন্ত্রাসের রাজত্ব কায়েম করেন খালেদ ভূঁইয়া

ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার অভিযোগের মামলায় চার্জশিট দাখিল করা হয়েছে। গত ২৩ অক্টোবর ঢাকার সিএমএম আদালতে এ চার্জশিট দাখিল করেন র‌্যাব ৩-এর সহকারী পুলিশ সুপার মো. বেলায়েত হোসেন।

গতকাল রবিবার ওই চার্জশিট ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে উপস্থাপন করা হয়। শুনানি শেষে বিচারক মামলাটি বিচারিক আদালতে পাঠানোর জন্য ঢাকার মুখ্য মহানগর হাকিমের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

ওদিকে অবৈধ সম্পদ অর্জনের মামলায় জিকে বিল্ডার্সের স্বত্বাধিকারী এসএম গোলাম কিবরিয়া শামীম এবং ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক (বহিষ্কৃত) খালেদ মাহমুদ ভূঁইয়ার সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল রবিবার ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আল মামুন এ রিমান্ডের আদেশ দেন। গত ১৮ সেপ্টেম্বর

রাতে গুলশানের বাসায় অভিযান চালিয়ে খালেদ মাহমুদকে গ্রেপ্তার করে র‌্যাব। ওই সময় তার ঘর থেকে একটি ১২ বোরের শটগান, ৫৭ রাউন্ড গুলি ও একটি পিস্তল জব্দ করা হয়। ওই ঘটনায় র‌্যাব ৩-এর ওয়ারেন্ট অফিসার গোলাম মোস্তফা গুলশান থানায় খালেদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মামলা করেন। মামলাটি প্রথমে গুলশান থানার পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম তদন্ত করেন। পরে গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফজলুল হক দ্বিতীয় তদন্ত কর্মকর্তা নিযুক্ত হন। তদন্ত শেষে র‌্যাব ৩-এর সহকারী পুলিশ সুপার মো. বেলায়েত হোসেন চার্জশিট দাখিল করেন। ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় অভিযোগপত্র দেওয়া হয়েছে, যার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদ-।

চার্জশিটে বলা হয়, খালেদ মাহমুদ ১৯৯৬ সাল থেকে যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি ২০১২ সালে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত হয়ে এলাকায় বিশাল সন্ত্রাসী বাহিনী গড়ে তোলেন। তিনি একজন ভয়ঙ্কর আন্ডারগ্রাউন্ড সন্ত্রাসী হিসেবে এলাকার মানুষের কাছে পরিচিত। রাজধানীর মতিঝিল, আরামবাগ, ফকিরাপুল, শাহজাহানপুর, মুগদা, কমলাপুর, রামপুরা, সবুজবাগসহ আশপাশের এলাকায় তিনি সন্ত্রাসের রাজত্ব কায়েম করেন। সাধারণ মানুষ তার ভয়ে আতঙ্কিত ছিল।

খালেদ ঢাকার মতিঝিলে ইয়াংমেন্স ক্লাবসহ বেশ কয়েকটি ক্লাবে জুয়া, ক্যাসিনো ও মাদকের রমরমা ব্যবসা চালিয়ে আসছিলেন। তিনি খিলগাঁও- শাহজাহানপুর হয়ে চলাচলকারী গণপরিবহন থেকেও নিয়মিত মোটা অঙ্কের চাঁদা আদায়, প্রতি ঈদে শাহজাহানপুর কলোনি মাঠ মেরাদিয়া এবং কমলাপুর পশুর হাট নিয়ন্ত্রণ, খিলগাঁও রেলক্রসিংয়ে মাছের হাট বসিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করতেন।

এ ছাড়া খালেদ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, রাজউক, সিটি করপোরেশন, ক্রীড়া পরিষদ, পানি উন্নয়ন বোর্ড, যুব ভবন, কৃষি ভবন, ওয়াসার ফকিরাপুল জোনসহ সব প্রতিষ্ঠানে তার মালিকানাধীন ‘ভূঁইয়া অ্যান্ড ভূঁইয়া’ নামে প্রতিষ্ঠানের মাধ্যমে টেন্ডার নিয়ন্ত্রণ করতেন। এসব অবৈধ ব্যবসা নিয়ন্ত্রণের জন্য খালেদের রয়েছে বিশাল অস্ত্রধারী বাহিনী। তার বাসা থেকে জব্দকৃত অস্ত্রের মধ্যে একটি শটগান ও পিস্তলের লাইসেন্স থাকলেও ২০১৭ সালের পর তা নবায়ন করা হয়নি। যার কারণে তা অবৈধ দেখিয়ে মামলা করা হয়েছে।

খালেদ মাহমুদের দুটি অস্ত্রের লাইসেন্সে ৫০ রাউন্ড করে গুলি কেনার হিসাব থাকার কথা থাকলেও বাস্তবে তার হেফাজত থেকে সাত রাউন্ড শটগানের এবং নয় রাউন্ড পিস্তলের অতিরিক্ত গুলি পাওয়া যায়। তা ছাড়া উদ্ধারকৃত অন্য আরেকটি পিস্তলের এখনো কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। সংশ্লিষ্ট ডিলারের দোকান থেকে সে দুই ধাপে পিস্তল এবং শটগানের ১০ রাউন্ড গুলি/কার্তুজ ক্রয় করলেও জেলা ম্যাজিস্ট্র্রেটের দপ্তরে রাখা রেজিস্ট্রারে তা নথিভুক্ত করেনি বলে চার্জশিটে উল্লেখ করা হয়।

জিকে শামীম ও খালেদ ৭ দিন করে রিমান্ডে
অবৈধ সম্পদ অর্জনের মামলায় জিকে বিল্ডার্সের স্বত্বাধিকারী কথিত যুবলীগ নেতা এসএম গোলাম কিবরিয়া শামীম এবং ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক (বহিষ্কৃত) খালেদ মাহমুদ ভূঁইয়ার সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল রবিবার ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আল মামুন এ রিমান্ডের আদেশ দেন।

গত ২২ অক্টোবর দুদকের উপপরিচালক মো. সালাউদ্দিন এবং জাহাঙ্গীর আলম জিকে বিল্ডার্সের স্বত্বাধিকারী এসএম গোলাম কিবরিয়া শামীম এবং ঢাকা মহানগর যুবলীগের বহিষ্কৃত নেতা খালেদ মাহমুদ ভূঁইয়ার ১০ দিন করে ২০ দিনের রিমান্ড আবেদন করেন। ওইদিন বিচারক ২৭ অক্টোবর আসামিদের উপস্থিতিতে শুনানির দিন ঠিক করেন। সে অনুযায়ী রবিবার শুনানিকালে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। বিচারক প্রথমে আসামিদের নিজ নিজ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এর পর রিমান্ড আবেদনের শুনানি হয়।

শুনানিতে আসামি খালেদের পক্ষে অ্যাডভোকেট সৈয়দ শাহ আলম এবং জিকে শামীমের পক্ষে অ্যাডভোকেট মিজানুর রহমান মোল্লা রিমান্ড বাতিল করে জামিন আবেদনের শুনানি করেন। অন্যদিকে দুদকের পক্ষে স্পেশাল পাবলিক প্রসিকিউটর মোশারফ হোসেন কাজল রিমান্ডের পক্ষে এবং জামিনের বিরোধিতা করে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক প্রত্যেক আসামির সাত দিন করে ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২১ অক্টোবর এসএম গোলাম কিবরিয়া শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দিন বাদী হয়ে এ মামলা করেন। অন্যদিকে খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে ৫ কোটি ৫৮ লাখ ১৫ হাজার ৮৫৯ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে উপপরিচালক জাহাঙ্গীর আলম বাদী হয়ে এ মামলা করেন।

মামলাগুলোয় আদালত যথাক্রমে আগামী ১৯ নভেম্বর এবং ১৮ নভেম্বর প্রতিবেদন দাখিলের ধার্য তারিখ ঠিক করেছেন আদালত।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status