|
স্বল্প খরচে সেশেলস যাবে বাংলাদেশি কর্মী: প্রবাসী কল্যাণমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
|
![]() স্বল্প খরচে সেশেলস যাবে বাংলাদেশি কর্মী: প্রবাসী কল্যাণমন্ত্রী রোববার (২৭ অক্টোবর) বিকেলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, পূর্ব আফ্রিকার পর্যটনসমৃদ্ধ দ্বীপরাষ্ট্র সেশেলসের সঙ্গে শ্রম সহযোগিতা চুক্তি (এএলসি) স্বাক্ষর হয়েছে। এ চুক্তি ফলে দ্বীপটিতে বাংলাদেশের বেশ কিছু কর্মী নিয়োগের সম্ভবনা তৈরি হয়েছে। ইমরান আহমদ বলেন, বাংলাদেশ থেকে সেশেলস কর্মী পাঠাতে ৫ থেকে ৬ লাখ টাকা লাগবে না। সরকারিভাবে খুবই কম খরচে এ দেশে শ্রমিক যেতে পারবে। তবে কী পরিমাণ শ্রমিক যাবে সেটা নির্ধারণ হবে তাদের চাহিদার ওপর। সেশেলসে শুধুমাত্র সরকারিভাবে কর্মী যেতে পারবে। বেসরকারি কোনো এজেন্ট সেশেলস কর্মী পাঠাতে পারবে না। সে জন্যই যারা ওই দেশে যেতে ইচ্ছুক তারা কোনো এজেন্টকে টাকা দেবেন না। তিনি বলেন, সেশেলসে বর্তমানে প্রায় আড়াই হাজার বাংলাদেশি কর্মী কর্মরত রয়েছেন। এ দেশে নির্মাণ শিল্পে অধিকাংশ কর্মী কাজ করে থাকেন। এছাড়া হোটেল, ট্যুরিজম, স্বাস্থ্যসেবা, হাউস কিপিং, কুক, ভিলা এটেনডেন্ট, কৃষি ও পোল্টি খামার ছাড়াও প্রভৃতি খাতে বাংলাদেশি কর্মী রয়েছে। এছাড়া ফিশিং ও ফিশ ইন্ডাস্ট্রিজ, আর্থিক প্রতিষ্ঠান এবং ট্যুরিজম খাতে বাংলাদেশি কর্মীদের কাজ করার সুযোগ রয়েছে। প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, বাংলাদেশের জন্য সেশেলসের সম্ভাবনাময় শ্রমবাজারে একটি সুশৃঙ্খল কাঠামোবদ্ধ প্রক্রিয়ায় কর্মী প্রেরণ করা সম্ভব হবে এবং উভয় দেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে। দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে। বাংলাদেশি কর্মীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় ও অধিকার সমূহ সুরক্ষিত হবে। ২০১৮ সালের অক্টোবর মাসে সেশেলস সরকার বাংলাদেশ থেকে কর্মী নেয়া সাময়িক বন্ধ রাখে। এরপর উচ্চ অভিবাসন ব্যয় হ্রাসসহ একটি সুশৃঙ্খল ও কাঠামোবদ্ধ প্রক্রিয়ায় সেশেলসে কর্মী প্রেরণের লক্ষ্যে উভয় দেশ শ্রম সহায়তা চুক্তি সম্পাদনের বিষয়ে আগ্রহ ব্যক্ত করে। চলতি বছরের মার্চ মাসে সেশেলস সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল ঢাকা সফর করেন। তারা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাথে টেকনিক্যাল সভায় মিলিত হন। পরবর্তীতে ২১ অক্টোবর দুই দেশের সাথে এ চুক্তি সম্পন্ন হয়। চুক্তি স্বাক্ষরের মাধ্যমে সেশেলসে বাংলাদেশি কর্মী নিয়োগের ওপর আরোপিত নিষেধাজ্ঞাও ওঠে গেছে। সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজাসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
