|
যানজটের কারণে নষ্ট হচ্ছে লাখ লাখ কর্মঘণ্টা
নতুন সময় প্রতিবেদক
|
![]() যানজটের কারণে নষ্ট হচ্ছে লাখ লাখ কর্মঘণ্টা শনিবার (২৬ অক্টোবর) রাজধানীর কলাবাগানে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট আয়োজিত ‘যানজট নিরসনে চলমান পদক্ষেপ সমূহের কার্যকারিতা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এ কথা বলেন। পবা কার্যালয়ে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, ভবিষ্যতে পরিবহন ব্যবস্থায় সঙ্কট সমাধানের পরিবর্তে সমস্যা বহুগুণে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে ঢাকায় প্রায় ৮০ শতাংশ যাতায়াত পাঁচ কিলোমিটারের মধ্যে, যার অর্ধেক যাতায়াত আবার দুা কিলোমিটারের মধ্যে হয়ে থাকে। স্বল্প দূরত্বের যাতায়াতের জন্য সাইকেলে ও হেঁটে চলাচলের পরিবেশ তৈরি এবং অধিক দূরত্বের জন্য গণপরিবহন নিশ্চিত করা গেলে ব্যক্তিগত গাড়ির ব্যবহার নিয়ন্ত্রণ করা যাবে। বিশেষ করে ভবিষ্যতে ব্যক্তিগত গাড়ি বৃদ্ধির লাগাম টেনে ধরা সম্ভব হবে। বক্তারা আরও বলেন, গণপরিবহন ব্যবস্থা যেমন মেট্রোরেল, বাস র্যাপিড ট্রানজিট এবং সাধারণ বাস সার্ভিসের উন্নয়নে স্টপেজে আসা-যাওয়ার পথ অবশ্যই সুগম করতে হবে। এজন্য ৮০ শতাংশ মানুষকে প্রাধান্য দিয়ে বিনিয়োগ এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। তবে ব্যক্তিগত গাড়ির ব্যবহার বৃদ্ধি পেলে যানজট আরও বাড়বে একথা নিশ্চিত করেই বলা যায়। বর্তমানে যানজটের কারণে প্রতিদিন লাখ লাখ কর্মঘণ্টা নষ্ট এবং জ্বালানির অপচয় হচ্ছে, বাড়ছে দূষণ। এজন্য বছরে হাজার হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হয়ে থাকে। বর্তমানে ঢাকায় প্রায় সাড়ে তিন লাখ ব্যক্তিগত গাড়ি চলাচল করে। প্রতিদিন যোগ হচ্ছে প্রায় ৪০টি নতুন ব্যক্তিগত গাড়ি। এছাড়া মোটরসাইকেল এখন প্রায় সাত লাখ, এটিও দুর্ঘটনা ও দূষণ বৃদ্ধির জন্য দায়ী। তাই উন্নত গণপরিবহন ব্যবস্থার বিকল্প নেই। সভায় শহরজুড়ে পথচারী ও বাইসাইকেলের জন্য নিরাপদ ও প্রবেশগম্য এবং অন্তর্ভুক্তিমূলক বিস্তৃত নেটওয়ার্ক গড়ে তোলা, বাসকে প্রাধান্য দিয়ে গণপরিবহন ব্যবহারের জন্য স্টপেজে আসা-যাওয়ার সুবিধাসহ একটি সমন্বিত পরিবহন ব্যবস্থা গড়ে তোলাসহ আয়োজক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন দাবি তুলে ধরা হয়। পবার চেয়ারম্যান আবু নাসের খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ডাব্লিউবিবি-ট্রাস্টের কর্মসূচি ব্যবস্থাপক মারুফ হোসেন, পবার সাধারণ সম্পাদক প্রকৌ. মো. আবদুস সোবহান, সম্পাদক ফেরদৌস আহমেদ উজ্জ্বল, যুব ফাউন্ডেশনের সদস্য শাকিল ওসমান, ইয়ুথ সানের সভাপতি মাকিবুল হাসান বাপ্পী, সমন্বয়ক আরিয়ান তানভীর প্রমুখ।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
