ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
এবার সাকিবের বিপক্ষে আইনী পদক্ষেপ নিচ্ছে বিসিবি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 26 October, 2019, 11:23 AM

এবার সাকিবের বিপক্ষে আইনী পদক্ষেপ নিচ্ছে বিসিবি

এবার সাকিবের বিপক্ষে আইনী পদক্ষেপ নিচ্ছে বিসিবি

সাকিব আল হাসানের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গ্রামীনফোন কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হওয়া যেন কাল হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের পোস্টারবয়ের জন্য। এমনকি বোর্ড ক্ষতিপূরণ দাবি করবে বলেও জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। দাবি-দাওয়া নিয়ে বিসিবি-ক্রিকেটারদের বৈঠকের পর নাজমুল হাসান পাপন ও সাকিব আল হাসানকে দেখা গিয়েছিল হাসিমুখেই। কিন্তু শঙ্কা ঠিকই ছিল, ভারত সফর সামনে থাকায় হয়তো দাবি মানার আশ্বাস দিয়ে ক্রিকেটারদের মাঠে ফিরিয়েছেন বোর্ড কিন্তু ক্রিকেটারদের উপর জন্মানো ক্ষোভ কি এত তাড়াতাড়ি কমবে? এমন আশঙ্কা ছিলই সবার মধ্যে।

তাই ২৪ ঘন্টার ব্যবধানেই সাকিবের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা বুঝিয়ে দেয় এত সহজেই পার পাচ্ছেনা ক্রিকেটাররা। ধর্মঘটের দ্বিতীয় দিন সাকিব আল হাসান গ্রামীণফোনের সাথে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হওয়ার খবর জানা যায়, দাবি- দাওয়া নিয়ে বোর্ডের সাথে দ্বন্দ্বের মধ্যে সাকিবের এমন খবর বিস্ময়ও জাগিয়েছিল অনেকের মধ্যে। ক্রিকেট বোর্ডের স্পন্সর হিসেবে চুক্তিবদ্ধ ছিল টেলিকম কোম্পানি রবি, অথচ ক্রিকেটাররা আলাদাভাবে গ্রামীনফোনের সাথে চুক্তিবদ্ধ হয়ে এর আগে ক্ষতির মুখে ফেলেন বোর্ডকে। ফলে সাকিবের চুক্তিবদ্ধ হওয়াকেও বোর্ড দেখছেনা ইতিবাচকভাবে। বিসিবি সভাপতির ব্যক্তিগত অসন্তোষ নয় বরং চুক্তিতেই এমন কিছুর উল্লেখ আছে বলে একটি জাতীয় দৈনিককে জানান নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‘সাকিব টেলকম কোম্পানিটির সাথে চুক্তিবদ্ধ হতে পারেনা। কেন পারবেনা সেটা আমাদের চুক্তিপত্রে স্পষ্টভাবে বলা আছে। রবি আমাদের টাইটেল স্পন্সর ছিল, গ্রামীনফোন বিডই করেনি। পরে একজন, দুইজন ক্রিকেটারকে আলাদাভাবে এক, দুই কোটি টাকা দিয়ে ধরেছে। এজন্য আমাদের ৯০ কোটি টাকা হারাতে হয়েছে।’


এধরণের চুক্তিতে ক্রিকেটাররা লাভবান হলেও ক্ষতি হয়েছে বোর্ডের উল্লেখ করে পাপন আরও যোগ করেন, ‘এরকম কিছু হাওয়ায় ক্রিকেটাররা হয়তো লাভবান হয়েছিল কিন্তু বোর্ডকে ক্ষতিগ্রস্ত হতে হয়েছে। এরপরই আমরা চুক্তিতে স্পষ্ট বলে দেই কোন টেলিকম কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হওয়া যাবেনা বোর্ডের অনুমতি ছাড়া। এমনকি মন্ত্রণালয় থেকেও এমনই বলা আছে। তাহলে সে কীভাবে আমাদের না জানিয়ে চুক্তিবদ্ধ হয়? আর সময়টা দেখেন, যখন ক্রিকেটারদের ধর্মঘট চলছিল।’ এ ব্যাপারে বোর্ড কাউকে বাঁচাবেনা বলেও দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে পাপন জানান, ‘আমরা আইনী পদক্ষেপে যাচ্ছি। এ ক্ষেত্রে কাউকে আমরা বাঁচাবোনা। ক্ষতিপূরণ চেয়েছি, এমনকি খেলোয়াড়রাও ক্ষতিপূরণ দিবে। গ্রামীণফোনের কাছে ক্ষতিপূরণ চেয়ে নোটিশ দেওয়া হয়েছে।’ পাপন আরও বলেন, ‘সাকিবকেও কারণ দর্শানোর চিঠি পাঠানো হয়েছে। সে জবাব দিবে, আমাদের অনুমতি নেয়নি কেন? আমাদের কাছে মনে হয়েছে বোর্ডকে পাত্তা না দেওয়ার মত কিছু করেছে সে, যদি এমন কিছু হয় আমরা কঠোর পদক্ষেপে যাবো।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status