|
‘খালেদা জিয়ার জামিন শেখ হাসিনার হাতের মুঠোয়’
নতুন সময় প্রতিবেদক
|
![]() ‘খালেদা জিয়ার জামিন শেখ হাসিনার হাতের মুঠোয়’ রুহুল কবির রিজভী বলেন, বর্তমান মিডনাইট ভোটের সরকার মানবতাবোধশুন্য এবং বেআইনি কাজে এতো অভ্যস্ত যে, তারা বেগম খালেদা জিয়ার বিপজ্জনক অসুস্থতাও ভ্রুক্ষেপ করছে না। সরকারের অমানবিক ও নিষ্ঠুর আচরণ প্রমাণ করে বেগম জিয়ার প্রাণনাশ করতে তারা গোপনে মহাপরিকল্পনা আঁটছে। আইন আদালত বর্তমানে শেখ হাসিনার হাতের মুঠোয় আছে বলে খালেদা জিয়ার জামিনও শেখ হাসিনার হাতের মুঠোয় বিদ্যমান। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে কারাগারে ভীষণ অসুস্থ। তার অসুস্থতা নিয়ে চলছে সরকারের নির্দয় আচরণ। তার উন্নতমানের সুচিকিৎসার অধিকারটুকু কেড়ে নেওয়া হয়েছে। গত ১৪ দিনে কোন চিকিৎসক তার নিকট যাননি। বিএসএমএমইউ এর ভিসি সাহেব গত সপ্তাহে রিমাটোলজিষ্টদের দিয়ে যে মেডিকেল বোর্ড গঠন করেছেন অদ্যাবধি সেই মেডিকেল বোর্ড বেগম জিয়া কিংবা তার কোন স্বজনকে চিকিৎসার কোন রিপোর্ট দেননি। তিনি বলেন, প্রচণ্ড ব্যথা-বেদনায় বেগম জিয়া রাত্রে মোটেই ঘুমাতে পারছেন না। আগের তুলনায় বর্তমানে তার শারীরিক অবস্থা খুবই শোচনীয় পর্যায়ে পৌঁছেছে। দুই মাস আগে বেগম খালেদা জিয়ার দাঁতের এক্সরে করা হলেও এখন পর্যন্ত সেই রিপোর্ট পাওয়া যায়নি। যেহেতু বেগম জিয়ার ব্লাড সুগারের মাত্রা অতিরিক্ত তাই তার দাঁতের সমস্যার কারণে চোখসহ শরীরের অন্যান্য সমস্যা প্রকট হওয়ার সম্ভাবনা খুবই বেশী। রিজভী বলেন, বারবার ইনসুলিন পরিবর্তন এবং ইনসুলিনের মাত্রা বৃদ্ধি করার পরেও কোন অবস্থাতেই তার সুগার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। কোন কোন সময় এটি ২৩-২৪ মিলিমোল পর্যন্ত উঠে যাচ্ছে। সুগার নিয়ন্ত্রণ করতে গিয়ে খাবারের পরিমাণ অনেক কমিয়ে দেয়াতে শরীরের ওজন অনেকখানি হ্রাস পেয়েছে। তিনি হাঁটতে পারেন না, হাত নাড়াতে পারেন না। যথাযথ চিকিৎসার বিষয়ে আমরা বারবার দাবি করা সত্বেও খালেদা জিয়াকে উন্নতমানের যন্ত্রপাতি বিশিষ্ট দেশের কোন বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। তার সুস্থ জীবন প্রত্যাশা করছে দেশবাসী সবাই। কিন্তু সরকারের নির্মম আচরণে মানুষ চরম ক্ষুব্ধ হয়ে পড়েছে। কারাগারে নেয়ার সময় সুস্থ বেগম জিয়াকে এখন হুইল চেয়ারে চলাফেরা করতে হয়। দেশবাসী তার জীবনের পরিণতি নিয়ে এখনও অজানা আতঙ্ক ও শঙ্কার মধ্যে রয়েছে। রিজভী বলেন, সরকার খালেদা জিয়ার জীবন নিয়ে গভীর মাস্টারপ্ল্যানে ব্যস্ত। এই মাস্টারপ্ল্যান হচ্ছে-গণতন্ত্রের ধ্বংসস্তূপের ওপর জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করে গণতন্ত্রকে ধ্বংস ও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দুর্বল করা। কারণ বেগম খালেদা জিয়া গণতন্ত্রের এক জাগ্রত অনির্বাণ সত্তা। তাই তাকে নিয়ে বর্তমান মিডনাইট নির্বাচনের সরকার এক সর্বনাশা পথে হাঁটছে বলেই গণতন্ত্রের প্রতীক খালেদা জিয়াকে রোগে-শোকে-ব্যথা-বেদনায় জর্জরিত রেখে কারাগারে আটকিয়ে রেখেছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
