ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
ফের ধর্মকে ব্যবহার করে ইস্যু তৈরির চেষ্টা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 24 October, 2019, 5:20 PM

ফের ধর্মকে ব্যবহার করে ইস্যু তৈরির চেষ্টা

ফের ধর্মকে ব্যবহার করে ইস্যু তৈরির চেষ্টা

সামাজিক মাধ্যমে মহানবী হজরত মুহম্মদ (স.)’কে অসম্মান করার অভিযোগকে কেন্দ্র করে ভোলায় সহিংস বিক্ষোভে পুলিশের গুলিতে চারজন নিহত হওয়ার পর ইসলামপন্থী বিভিন্ন দল এবং সংগঠন নানা কর্মসূচি পালন করছে। দু'একটি সংগঠন বড় ধরনের কর্মসূচি নেয়ারও হুমকি দিয়েছে। বিরোধীদল বিএনপিও ঢাকাসহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছে।

বিশ্লেষকরা বলেছেন, গণতন্ত্র না থাকা এবং সরকার হেফাজতে ইসলামকে প্রশ্রয় দেয়ার কারণে ধর্মকে ব্যবহার করে ‘পরিস্থিতি’ সৃষ্টির সুযোগ অনেকে নিতে পারে।

ইসলামপন্থী বিভিন্ন দল এবং সংগঠন রোববারের পর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় সমাবেশ ও মিছিল করছে। এসব সমাবেশ থেকে ধর্মীয় অনুভুতিতে আঘাত দেয়ার অভিযোগে আরও কঠোর কর্মসূচি নেয়ার হুমকি দেয়া হয়েছে। কিন্তু সরকার বলছে, পুলিশের গুলিতে হতাহতের ঘটনার ব্যাপারে যেসব দাবি তোলা হয়েছে, তার সবই মেনে নেয়া হয়েছে।

কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামও মঙ্গলবার একটি সমাবেশ করেছে। সেই সমাবেশে একজন বক্তা হুমকি দিয়েছেন যে, আবারও তারা ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে অবস্থানের কর্মসূচি নেবেন।

তবে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা আনাস মাদানী বলেছেন, তারা পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত চান। কিন্তু ভোলার ঘটনা নিয়ে আবার শাপলা চত্বরে অবস্থান নেয়ার মতো কোন হুমকি তাদের সংগঠন থেকে দেয়া হয়নি বলে তিনি দাবি করেছেন।

আওয়ামী লীগ এবং সরকার মনে করে, এর আগে রামুতে এবং ব্রাম্মণবাড়িয়ায় অন্য ধর্মাবলম্বীর ফেসবুক আইডি হ্যাক করে সাম্প্রদায়িক হামলা চালানো হয়েছিল এবং এখন ভোলাতেও ওই একই কায়দায় একটি ইস্যু তৈরির চেষ্টা করা হয়েছে।

ইস্যুটিকে স্পর্শকাতর হওয়ায় 'তৌহিদী জনতার' ব্যানারে ভোলায় আন্দোলনকারীদের দাবিগুলোও সরকার মেনে নিয়েছে।

এরপরও বিষয়টিকে বড় ইস্যু করার চেষ্টা করা হচ্ছে বলে বিশ্লেষকদের অনেকে মনে করছেন।

আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপিও এনিয়ে কর্মসূচি পালন করেছে। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলছিলেন, ভোলায় পুলিশের গুলি চালানোর প্রতিবাদে তারা বিক্ষোভ করেছেন।

রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক দিলারা চৌধুরী বলছেন, যেহেতু দেশে এখন গণতন্ত্র অনুপস্থিত এবং সরকার হেফজতে ইসলামের মতো কট্টরপন্থী সংগঠনকে প্রশ্রয় দিয়েছে, সেকারণে ধর্মকে ব্যবহার করে ইস্যু সৃষ্টির সুযোগ অনেকে নিচ্ছে।

‘এটাকে নিয়ে যদি একটা ধর্মীয় উন্মাদনা হয়, তাহলে সরকার বেকায়দায় পড়তে পারে। আসলে যেখানে কোন গণতন্ত্র নেই, লোকের কথা বলার কোন স্বাধীনতা নাই, সেখানে তো অনেক ইস্যু তৈরি হয়। এবং হিন্দু-মুসলিম নিয়ে বাংলাদেশ এবং ভারতে উত্তেজনা সৃষ্টি করা বেশ সহজ কাজ।’

আওয়ামী লীগের নেতারা বলছেন, ভোলার ঘটনাকে কেন্দ্র করে অনেকে সরকারের বিরুদ্ধে রাজনৈতিক ফায়দা নেয়ার চেষ্টা করছে বলে তারা মনে করেন।

দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলছেন, ধর্মভিত্তিক বা ভারত বিদ্বেষী রাজনীতি করে অনেকে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করেছেন। তাদের বিরুদ্ধে কথা না বলে, সরকারের দিকে আঙুল তুললে অপরাধীদেরই আড়াল করা হবে।

তবে আওয়ামী লীগের নেতারা মনে করছেন, ভোলার ঘটনার নিয়ে তারা পরিস্থিতি সামাল দিতে পেরেছেন । সূত্র: বিবিসি বাংলা

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status