অস্ত্র-মাদক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ৪ দিনের রিমান্ডে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 22 September, 2019, 3:21 PM
অস্ত্র-মাদক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ৪ দিনের রিমান্ডে
অস্ত্র ও মাদককের পৃথক দুই মামলায় দুই দিন করে মোট ৪ দিনের রিমান্ডে নিতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি পিযুষ কান্তি দে ও তার তিন সহযোগীকে আদালত নির্দেশনা দিয়েছেন।
রোববার (২২ সেপ্টেম্বর) সকালে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মোস্তাইন বিল্লাহ এ রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
আসামিদের দু’টি মামলায় উভয় পক্ষের আইনজীবীদের শুনানি শেষে দুইদিন করে মোট চারদিনের রিমান্ডের আদেশ দেন আদালত।
মামলার অন্যান্য আসামিরা হলেন- বাপ্পা পাল, মন্টি রায় ও রায়হান খান।
মামলা দু’টিতে পুলিশের পক্ষে সাতদিন করে মোট ১৪ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। এ তথ্য আদালত চত্বর থেকে আইনজীবীরা নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, ১১ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় সিলেট নগরের মির্জাজাঙ্গাল এলাকায় পিযুষের আস্তানা ঘেরাও করে ৩ সঙ্গীসহ পিযুষকে আটক করে র্যাব। এ সময় তাদের কাছ থেকে একটি রিভলভার, রামদা এবং ৫ হাজার ৫৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানানো হয়।
পরদিন বৃহস্পতিবার সকালে পিযুষসহ ৪ জনের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করে র্যাব। বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করে পুলিশ।