বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেলের মধ্যে অনেকেই অনেক মিল খুঁজে পান। এই যেমন, শেখ হাসিনা এবং মেরকেল দুজনই গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে এক দশকেরও বেশি সময় ধরে দেশের নেতৃত্ব দিচ্ছেন। দুজনই মানবিক রাষ্ট্রনায়ক হিসেবে পরিচিত। শেখ হাসিনা এবং মেরকেল দুজনই শরণার্থীদের জন্য নিজের দেশের সীমান্ত খুলে দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তুমুল জনপ্রিয় এই দুই রাষ্ট্রনায়ক আরও একটা জায়গায় সবার চেয়ে আলাদা।
বিশ্বের বর্তমান নেতৃবৃন্দ যখন জলবায়ু ইস্যুতে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, শেখ হাসিনা এবং মেরকেল সেখানে উজ্জ্বল ব্যতিক্রম। গতকাল শুক্রবার ১৮ ঘণ্টার বৈঠক শেষে পরিবেশ রক্ষায় ১০০ বিলিয়ন ইউরো খরচ করার সিদ্ধান্ত নিয়েছেন অ্যাঞ্জেলা মেরকেল। এই অর্থ খরচ করে ২০৩০ সাল নাগাদ কার্বন নিঃসরণ কমিয়ে আনতে চায় জার্মানি।
অন্যদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দীর্ঘদিন ধরে জলবায়ু ইস্যুতে বিশ্বমঞ্চে সরব হচ্ছেন। মুখে বড় বড় বুলি আওড়েই থেমে থাকছেন না তিনি। বরং কাজেও তিনি তার কথার বাস্তবায়ন ঘটাচ্ছেন। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ইতিমধ্যেই জলবায়ু ট্রাস্ট ফান্ড গঠন করেছে। বাংলাদেশের নিজস্ব তহবিল থেকে জলবায়ু অভিযোজন কর্মসূচির জন্য ৪২ কোটি মার্কিন ডলার ওই ফান্ডে বরাদ্দ দেওয়া হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশ ও জার্মানি দুটি দেশের পদক্ষেপ বেশ প্রশংসনীয়। বাংলাদেশ ছোট দেশ। উন্নত দেশগুলোর তুলনায় সব দিক থেকেই যোজন যোজন পিছিয়ে। তবুও সারাবিশ্বের মঙ্গলের জন্য তারা যে জলবায়ু ট্রাস্ট ফান্ড গঠন করেছে এটা এক অনন্য নজির। অন্যদিকে অ্যাঞ্জেলা মেরকেলও যুক্তরাষ্ট্র বা চীনের প্রেসিডেন্টদের মতো জলবায়ু পরিবর্তন ইস্যুতে চুপ করে বসে না থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন। এটা নিঃসন্দেহে বিশ্বের জন্য মঙ্গলকর। বিশ্বনেতৃত্ব এই রাষ্ট্রনায়কের কাছ থেকে সত্যিকার অর্থেই অনেক কিছু শিখতে পারে বলে মনে করছেন বিশ্ব রাজনীতি বিশ্লেষকরা।