|
সড়ক ছেড়ে দিয়েছেন রিকশাচালকরা, কাল ফের অবরোধ
নতুন সময় প্রতিবেদক
|
|
সড়ক ছেড়ে দিয়েছেন রিকশাচালকরা, কাল ফের অবরোধ মঙ্গলবার বিকেল ৪টার দিকে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ নতুনবাজার- রামপুরা-বাড্ডা সড়কে যান চলাচল শুরু হয়েছে। তবে বুধবারও সকাল ৮ টা থেকে ফের সড়ক অবরোধ করবেন তারা। মঙ্গলবার বিকেলে এই ঘোষণা দেন রিকশা-মালিক নিবন্ধিত ছয়টি সংগঠনের সমন্বয় পরিষদ। পরিষদের যুগ্ম আহ্বায়ক বাবুল হোসেন বলেন, আমাদের দুইটি দাবি না মানলে আমরা আজকের মতো কালও রাজপথে থাকব। এই পরিষদের সদস্যরা সকাল থেকে যাত্রাবাড়ী-সায়েদাবাদ এলাকায় থাকবে। রিকশাচালক-মালিক ও গ্যারেজ মালিকরা আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। তাদের দুইটি দাবি হচ্ছে- সড়কে রিকশা বন্ধের ঘোষণা প্রত্যাহার এবং রাজধানী থেকে অবৈধ রিকশা উচ্ছেদ করা। এর আগে মঙ্গলবার সকাল থেকে রাজধানীর খিলগাঁও, রামপুরা, বাড্ডা, কুড়িল বিশ্বরোডসহ বিভিন্ন স্থানে অবস্থান নেয় রিকশা শ্রমিক ও মালিকরা। এতে বন্ধ হয়ে যায় সকল ধরণের যান চলাচল। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। উল্লেখ্য, রাজধানীর প্রধান সড়কগুলোর মতো কুড়িল থেকে রামপুরা হয়ে সায়েদাবাদ পর্যন্ত মূল সড়ক, শাহবাগ থেকে সায়েন্স ল্যাবরেটরি, গাবতলী থেকে আসাদগেট সড়কে রিকশা বন্ধের সিদ্ধান্ত হয়েছে। ৭ জুলাই থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়। একই সঙ্গে ফুটপাতে জনগণের হাঁটার পথ নির্বিঘ্ন করতে অতীতে বহুবারের মতো হকার উচ্ছেদের ঘোষণাও দিয়েছেন ঢাকার দুই মেয়র। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
