|
টাইগারদের শুভকামনা জানিয়ে পাঁচ হাজার চিঠি দেশ থেকে পাঠিয়েছে সমর্থকরা
নতুন সময় প্রতিবেদক
|
![]() টাইগারদের শুভকামনা জানিয়ে পাঁচ হাজার চিঠি দেশ থেকে পাঠিয়েছে সমর্থকরা এমনিতে বাংলাদেশ দল ইংল্যান্ডের মাটিতে যখন খেলছে তখন গ্যালারি সয়লাব লাল সবুজের পতাকাতে। ইংল্যান্ড প্রবাসীরা তো বটেই, দেশ থেকেও অনেকেই গেছেন টাইগারদের সমর্থন যোগাতে। যারা ইংল্যান্ডে যেতে পারেননি তাদের পক্ষে টাইগারদের কাছে ভালোবাসা পৌছানোর গুরুদায়িত্ব নিয়েছিলেন ক্রিকেট ভক্ত রাবেত খান। সাত সমুদ্র তেরো নদী পার করে বিশ্বকাপ খেলতে যাওয়া টাইগারদের শুভকামনা জানানোর এক অভিনব উদ্যোগ নেন রাবেত খান। সমর্থকদের হাতে লেখা চিঠি (টাইগারদের শুভকামনা জানিয়ে) ইংল্যান্ডে পৌঁছানোর উদ্যোগ নেন তিনি। বিভিন্ন স্কুল, অফিস, বন্ধু বান্ধবের কাছ থেকে প্রায় ৫০০০ হাতে লেখা শুভকামনা জানানো চিঠি যোগাড় করে ডিএইচএলে করে ইংল্যান্ডে পাঠান তিনি। বক্সের ওজন হয় প্রায় ২০ কেজি। চিঠিগুলো ইংল্যান্ডে পৌঁছানোর পর বাংলাদেশ দলের নিকট পৌঁছে দেবার কাজটি করেন বিশিষ্ট ক্রিকেট সংগঠক ও কোচ শহিদুল আলম রতন। লন্ডন থেকে ৪১০ কিলোমিটার রাউন্ড ট্রিপে যেয়ে দলের নিকট চিঠিগুলো পৌঁছে দেন তিনি। দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন, মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম, বিসিবি পরিচালক আকরাম খান কিছু চিঠি পড়ে দেখেন। ৫০০০ চিঠির মধ্যে উল্লেখযোগ্য কিছু চিঠি ড্রেসিংরুমে লাগিয়ে রাখা হবে। দলের মিটিংয়ে পড়ে শোনানো হবে বেশ কিছু চিঠি। টাইগাররা এই ভালোবাসা পেয়ে আরো ভালো পারফরম্যান্স করার প্রেরণা পাবেন এটাই সকল ভক্ত-সমর্থকের চাওয়া। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
