ভ্যানে করে বাড়ি থেকে মেয়ের বাড়ি যাচ্ছিলেন হালিমা বেগম। কিন্তু মেয়ের বাড়িতে আর যাওয়া হলো না তার। ঘাতক ট্রাকের চাপায় প্রাণ হারালেন তিনি। মঙ্গলবার দুপুরে যশোরের মণিরামপুর উপজেলার চিনাটোলা বাজারে এ ঘটনা ঘটে। নিহত হালিমা উপজেলার আম্রুঝুটা গ্রামের হাসেম আলী সরদারের স্ত্রী।
মণিরামপুর থানার এসআই তপনকুমার সিংহ বলেন, দুপুরে ভ্যানে করে বাড়ি থেকে রাজারহাটে মেয়ের বাড়িতে যাচ্ছিলেন হালিমা। পথে চিনাটোলা বাজারে পৌঁছলে দীপ্র ইটভাটার কেশবপুরগামী একটি ট্রাক ভ্যানটি চাপা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসআই বলেন, ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহায়তায় ঘাতক ট্রাকসহ চালক জাকির হোসেনকে আটক করা হয়েছে। মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।