ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
কাটেনি দর্শক খড়া, ফ্লপের বৃত্তেই তারকারা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 11 June, 2019, 1:20 PM

কাটেনি দর্শক খড়া, ফ্লপের বৃত্তেই তারকারা

কাটেনি দর্শক খড়া, ফ্লপের বৃত্তেই তারকারা

প্রতিবারের মতোই ঈদের আয়োজন নিয়ে হাজির হয়েছে টিভি চ্যানেলগুলো। কিন্তু ক্রিকেট বিশ্বকাপের কারণে টিভি চ্যানেলগুলোর দর্শক অনেক কমে গেছে। যেসব চ্যানেল খেলা দেখাচ্ছে তাদের দর্শক সংখ্যা একটু বেশি। তারপরও বাংলাদেশ একের পর এক হারার কারণে খেলার দর্শকও কমে যাচ্ছে। আজকের খেলায় জিতলে আবারও প্রাণ ফিরে পাবে বাংলাদেশের দর্শকরা। পাশাপাশি বড় পর্দায় মুক্তি পেয়েছে চারটি চলচ্চিত্র। কোনো কিছুতেই দর্শক নেই বললেই চলে। শাকিব খানের দুটি ছবি মুক্তি পেলেও দর্শক সাড়া তেমন পায়নি বলে জানা গেছে। ঈদে শাকিব খান, বুবলী, ববি, মোশাররফ করিম, তিশা, অপূর্ব, নিশো, মেহজাবিনরা দর্শক টানতে পারছে না। তেমন আলোচিত চলচ্চিত্র, নাটক ও টেলিছবি নেই বললেই চলে। আসলে কী কারণে এবারের আয়োজন ফ্লপ। কেউই সদুত্তর দিতে পারেনি।




এবার ঈদে মুক্তিপ্রাপ্ত চারটি চলচ্চিত্রের মধ্যে কাটতির বিবেচনায় এগিয়ে আছে শাকিব খান-মালেক আফসারীর ‘পাসওয়ার্ড’। বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি, প্রেক্ষাগৃহের ব্যবস্থাপক ও দর্শকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর মধ্যে কাটতির বিবেচনায় এগিয়ে আছে ‘পাসওয়ার্ড’। শাকিবের আরেক চলচ্চিত্র ‘নোলক’ ও তারিক আনাম-স্পর্শিয়ার ‘আবার বসন্ত’ কাটতির বিবেচনায় অনেকটাই পিছিয়ে। প্রেক্ষাগৃহের বাইরে দেশে প্রথমবারের মতো ইউটিউবে মুক্তিপ্রাপ্ত কামরুজ্জামান কামুর চলচ্চিত্র ‘দি ডিরেক্টর’ ইতোমধ্যে ‘পরিণত দর্শকদের’ মাঝে আশাব্যঞ্জক সাড়া ফেলেছে।

প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত তিন চলচ্চিত্রের মূল্যায়নে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির উপদেষ্টা মিয়া আলাউদ্দিন বলেন, “পাসওয়ার্ড’ খুব ভালো যাচ্ছে। তবে ঈদের চলচ্চিত্র হিসেবে ‘নোলক’ খুব একটা ভালো যাচ্ছে না।”

ঈদের দিন ১৭৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘পাসওয়ার্ড’। কিন্তু ঈদের দিন থেকে ছবিটি যতটা দর্শক টানার কথা ছিল তা পারেনি। তারপরও মন্দার এই বাজারে এ ছবিটিই কিছুটা দর্শক টানছে। শাকিব খান ফিল্মসের প্রযোজনায় নির্মিত এ চলচ্চিত্রে শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন বুবলী। এ ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, ইমন, অমিত হাসান, ডন।

এদিকে ‘আবার বসন্ত’ ছবিটি দেখে অনেকেই বলছেন এটা কি ছবি নাকি নাটক। ঢাকার বলাকা সিনেমা হলের সূত্রে জানা গেছে, মুক্তির পরপর দর্শকের উপস্থিতি কম থাকলেও দিনে দিনে আগের তুলনায় তা বাড়ছে বলে জানান তিনি। অনন্য মামুন পরিচালিত এ চলচ্চিত্রে একজন প্রৌঢ়ের সঙ্গে এক তরুণীর বন্ধুত্বের গল্প উঠে এসেছে। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান ও অর্চিতা স্পর্শিয়া। আরও অভিনয় করেছেন ইমতু রাতিশ, করভী মিজান, মনিরা মিঠু, মুকিত জাকারিয়া, আনন্দ খালেদ, নুসরাত পাপিয়া প্রমুখ।

এদিকে শাকিব-ববি অভিনীত চলচ্চিত্র ‘নোলক’ দেখতেও দর্শক নেই বললেই চলে। ছবিটি পরিচালনা করেছেন সাকিব সনেট অ্যান্ড টিম। তবে শুটিংয়ের শুরুতে পরিচালক হিসেবে ছিলেন তরুণ পরিচালক রাশেদ রাহা। পরে অভিযোগ-পাল্টা অভিযোগের চলচ্চিত্রটি নিয়ে জটিলতা তৈরি হয়; পরিচালনার স্বীকৃতি নিয়ে মামলাও হয়। সব জটিলতা কাটিয়ে সাকিব সনেট অ্যান্ড টিমের নামেই বড় পর্দায় মুক্তি পায় ছবিটি। এবার ঈদে ইউটিউবে মুক্তি পেয়েছে কবি-নির্মাতা কামরুজ্জামান কামুর চলচ্চিত্র ‘দি ডিরেক্টর’। ২০১৩ সালে চলচ্চিত্রটি সেন্সরে জমা দেওয়ার পর নানা অভিযোগে ছবিটি আটকে দেওয়া হয়। ছবিটির মুক্তি নিয়ে আন্দোলনও হয়েছিল রাজপথে। নানা চড়াই-উতরাই পেরিয়ে ২০১৫ সালে চলচ্চিত্রটি সেন্সর পাওয়ার বছর তিনেক পর এবার ঈদে সান বিডিটিউব নামে একটি ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়া হয়েছে চলচ্চিত্রটি। দেশের ইতিহাসে এটিই ইউটিউবে মুক্তিপ্রাপ্ত প্রথম কোনো পূর্ণদৈঘ্য চলচ্চিত্র।

ঈদের দিন মুক্তির পর থেকে তেমন ভিউ হচ্ছে না বলেই জানা গেছে। তবে অনেকেই ইতিবাচক মন্তব্য করেছেন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পপি, মারজুক রাসেল, নাফা, কচি খন্দকার, তারেক মাহমুদ, মোশাররফ করিম, সুইটি, নাফিজা, বাপ্পি আশরাফ, কামরুজ্জামান কামুসহ আরও অনেকে।

এদিকে টিভি চ্যানেলে ঘুরে ফিরে সেই একই মুখ। মোশাররফ করিম, তিশা, মম, অপূর্ব, নিশো, মেহজাবিন, সজলদের দাপট এখনো আছে। তবে এবার জাহিদ হাসান, মাহফুজ আহমেদের মতো অভিনেতাদের তেমন দেখা যায়নি। চঞ্চল চৌধুরীও এবার আলোচিত হয়েছে।

বরাবরের মতোই মম অভিনীত নাটকগুলোও আলোচনায় আছে। সুমন আনোয়ারের ‘অন্ধকার ঢাকা’ টেলিছবিতে মম ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। এ টেলিছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, চঞ্চল চৌধুরী, শ্যামল মাওলা, রাশেদা চৌধুরী নেহাসহ অনেকে। এটি প্রচার হয় বাংলাভিশনে ঈদের তৃতীয় দিন বেলা ২টা ১০ মিনিটে। এ ছাড়া ঈদে অনেক ইউটিউবেও প্রচার হয়েছে নাটক ও টেলিছবি। এর মধ্যে প্রশংসিত হয়েছে ‘দ্য এন্ড’। এরই মধ্যে নাটকটি দর্শকমহলে দারুণ প্রশংসিত হয়ে উঠেছে। এ কয়দিনেই নাটকটি দেখেছেন ২৭ লাখেরও বেশি দর্শক। মাসুদ উল হাসানের গল্পে ‘দ্য এন্ড’ নির্মাণ করেছেন কাজল আরেফিন অমি। নিশো-তিশা ছাড়াও এতে অভিনয় করেছেন রকি খান, রত্না খান, রাজু খান প্রমুখ। ঈদের বিশেষ আয়োজন হিসেবে ‘ধ্রুব টিভি’র ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচার হয় ঈদের দিন সন্ধ্যায়।

এ ছাড়া ঈদের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবারও দর্শকদের মুগ্ধ করেছে। বিটিভিতে প্রচার হওয়া হানিফ সংকেতের এ অনুষ্ঠানটি বেশ প্রশংসিত হয়েছে। অন্যদিকে কৃষকদের নিয়ে নির্মিত ফার্মারস গেইম শো ‘কৃষকের ঈদ আনন্দ’ দর্শকের পছন্দের তালিকায় ছিল। চ্যানেল আইয়ে প্রচার হওয়া এ অনুষ্ঠানটি এবারের ঈদে একেবারেই ভিন্ন আমেজ দিয়েছে সবাইকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status