|
ফারজানা শাকিল্স-এ শতভাগ মেয়াদোত্তীর্ণ কসমেটিক্স, পারসোনায় ৮০
সাকিব আল রোমান
|
|
ফারজানা শাকিল্স-এ শতভাগ মেয়াদোত্তীর্ণ কসমেটিক্স, পারসোনায় ৮০ বৃহস্পতিবার বিকেলে গুলশান-১ এ ফারজানা শাকিল্স মেকওয়ার সেলুন ও পারসোনায় অভিযানে গিয়ে চোখ কপালে ওঠার দশা র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের। র্যাব জানিয়েছে, প্রচুর মেয়াদোত্তীর্ণ ও নকল কসমেটিক্স পণ্য জব্দ করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ, নকল ও ভেজাল কসমেটিক্স এবং মেকআপ আইটেম বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ১৫ লাখ করে মোট ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, অভিযানে গিয়ে পারসোনার গুলশান-১ শোরুমে যে কসমেটিক্সে হাত দেই সেটারই মেয়াদোত্তীর্ণ। মেকআপ আইটেমেও নেই মেয়াদ। এ ছাড়া হুবহু নামের নকল আইটেম থরে থরে সাজিয়ে রাখা হয়েছে। দামেও বিল করার সময় ক্রেতার সঙ্গে করা হচ্ছিল কারসাজি। বলতে গেলে পারসোনার শতভাগ কসমেটিক্স ও মেকআপ আইটেম নকল এবং মেয়াদোত্তীর্ণ। অন্যদিকে ফারজানা শাকিল্স মেকওভার সেলুনেও প্রায় ৮০ শতাংশ নকল ও মেয়াদোত্তীর্ণ কসমেটিক্স পাওয়া গেছে। এ জন্য দুই প্রতিষ্ঠানকে ১৫ লাখ করে ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। দুই প্রতিষ্ঠান থেকে কয়েক বস্তা নকল ও মেয়াদোত্তীর্ণ কসমেটিক্স এবং মেকআপ আইটেম জব্দ করা হয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী, বনানী সাজাই বিউটি পার্লারে পৃথক অভিযান চলছে। নামিদামি সব ব্র্যান্ডের নামে অবৈধ নকল বিদেশি কসমেটিক্স বিক্রির অপরাধে সুপার শপ আলমাস, মোস্তফা মার্ট ও বিবিবি কসমেটিক্সসহ ছয় প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। সোমবার রাজধানীর বসুন্ধরা সিটিতে বিশেষ অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন অধিদফতরের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল। অভিযানে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) – ১ এর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, আলমাস, মোস্তফা মার্ট, বিবিবি কসমেটিক্স- এগুলো নামিদামি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের ওপর মানুষের আস্থা ও বিশ্বাস রয়েছে। কিন্তু মানুষের সেই সরলতাকে পুঁজি করে অবৈধ পন্থায় আনা (লাগেজ পার্টির) বিভিন্ন বিদেশি প্রসাধনী সামগ্রী বিক্রি করছে প্রতিষ্ঠানগুলো। এসব প্রসাধনীর গায়ে আমদানিকারকের নামও লেখা নেই। এটি আসলে ব্র্যান্ডের পণ্য নাকি কেরানীগঞ্জ, জিঞ্জিরা ও চকবাজারে তৈরি নকল কসমেটিক্স, তার কোনো নিশ্চয়তা নেই। এছাড়া এসব পণ্যে ইচ্ছেমতো মূল্য লিখে বিক্রি করছে। ফলে একদিকে ভোক্তাদের ঠকাচ্ছে, অন্যদিকে রাজস্ব ফাঁকি দিচ্ছে, যা আইন অনুযায়ী দণ্ডনীয়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী, আলমাস সুপার শপ, মোস্তফা মার্ট ও বিবিবি কসমেটিক্স প্রত্যেককে এক লাখ করে মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সেভলি কসমেটিক্সকে ৫০ হাজার টাকা, নিউর কসমেটিক্সকে ৫০ হাজার এবং আমরিন ফ্যাশনকে ১০ হাজার টাকা জরিমানাসহ দোকানটি সাময়িক বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়েছে। পরবর্তীতে এ ধরনের অপরাধ করলে আইন অনুযায়ী তাদের দ্বিগুণ জরিমানাসহ দোকান সিলগালা করে দেয়া হবে বলে জানান মোহাম্মদ শাহরিয়ার। এদিকে আমদানিকারকের স্টিকার লাগানো ছিল না বিষয়টি স্বীকার করলেও কসমেটিক্স নকল নয় বলে দাবি করেছেন বিবিবি কসমেটিক্স (বিডি বাজেট বিউটি) এর মালিক নাঈমা রহমান অরকা। তিনি বলেন, বসুন্ধরা সিটিতে আমাদের দুটি শো-রুম রয়েছে। এর মধ্যে একটি এই রমজান মাসে চালু হয়েছে। তাড়াহুড়োর কারণে নতুন শো-রুমে কিছু পণ্যে আমদানিকারকের স্টিকার লাগানো হয়নি। কিন্ত ওইসব পণ্য আমরা এলসির মাধ্যমে আমদানি করেছি এবং বিএসটিআইয়ের অনুমোদনও আছে। যার সব কাগজপত্র আমরা দেখিয়েছি। তারপরও স্টিকার না থাকার কারণে আমাদের এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। কিন্ত নকল বলে যে অপবাদ দিয়েছে তা সঠিক নয়। বিডি বাজেটের কোনো পণ্য ভেজাল বা নকল নয় বলে দাবি করেন এ ব্যবসায়ী। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
