প্রকাশ: Sunday, 26 May, 2019, 3:28 PM সর্বশেষ আপডেট: Sunday, 26 May, 2019, 3:30 PM
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ শুরুর আগেই বৃষ্টির হানা!
আর মাত্র তিনদিন পরই বেজে উঠবে বিশ্বকাপের দামামা। চূড়ান্ত পর্বের আগে দলগুলো ব্যস্ত সময় পার করছে প্রস্তুতি ম্যাচে। পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়েই আজ রবিবার (২৬ মে) বিশ্বকাপের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশের। কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় অনুষ্ঠিত হওয়ার কথা ম্যাচটির। কিন্তু ম্যাচের আগেই শুরু হয়েছে বৃষ্টি।
কার্ডিফের আকাশ সকাল থেকেই মেঘে ঢাকা ছিল। বেলা একটু গড়াতেই মেঘ সামান্য কমার পূর্বাভাস ছিল। পরে শুরু হয়েছে বৃষ্টি। এছাড়া বৃষ্টি যদি পরে থামেও তবে খেলা হওয়া নিয়ে আছে শঙ্কা। কারণ আবহাওয়া রিপোর্ট অনুযায়ী, বেলা ১২টা নাগাদও আকাশে শতভাগ মেঘ থাকবে। ওই মেঘ সন্ধ্যা নাগাদ কমার সম্ভাবনাই বেশি। তার আগেই ম্যাচ পরিত্যক্ত হয়ে যেতে পারে। বাংলাদেশ দল এ ম্যাচে কিছু ক্রিকেটারকে বিশ্রাম দিয়ে খেলার চিন্তা করেছিল। তবে ম্যাচটা না হলে ইংল্যান্ডে প্রথম গা গরমের ম্যাচ খেলার সুযোগটাই হারাবে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচটা পাকিস্তানের জন্যও খেলা ছিল খুব দরকারি। বিশ্বকাপে যাওয়ার আগে তাদের সামান্য হলেও আত্মবিশ্বাসের রশদ দরকার। ত্রিদেশীয় সিরিজ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা অন্যদিকে হারের বৃত্তে থাকা পাকিস্তান এ ম্যাচে জয়ের ধারায় ফিরতে চাইবে।
একদিকে তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসানদের ব্যাটে বইছে রানের বন্যা অন্যদিকে বোলাররাও কন্ডিশনের সঙ্গে দারুণভাবে নিজেদের মানিয়ে নিয়েছেন। কাঁধের চোটের পর বোলিং বাদ রেখেছিলেন। এ দিনই আবার বোলিংয়ে ফিরলেন মাহমুদউল্লাহ। প্রথম দিনের বোলিং আশা দেখাচ্ছে তাকে ও বাংলাদেশ দলকে। এই অলরাউন্ডের বিশ্বাস বোলিং করতে পারবেন, বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচেই। অন্যদিকে সবশেষ ১০ ওয়ানডেতে হেরেছে সরফরাজ বাহিনী। এমনকি শুক্রবার আফগানিস্তানের বিপক্ষেও প্রস্তুতি ম্যাচ হেরেছে হাফিজ-মালিকরা। লম্বা সময় ধরেই হারের বৃত্তেই বন্দি তারা। তবে দলটিতে বাবর আজম, ইমাম উল হক, ফখর জামানদের মতো ক্রিকেটার থাকায় তাদের নিয়ে বিশেষ পরিকল্পনা করতেই হবে বাংলাদেশকে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ: সরফরাজ আহমেদ-(অধিনায়ক), ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম, শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ, আসিফ আলী, সাদাব খান, ইমাদ ওয়াসিম, হ্যারিস সোহেল, হাসান আলী, শাহীন আফ্রিদি, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ হাসনাইন।