|
‘জাতীয় উন্নয়নে সুস্পষ্ট দর্শন ও আদর্শ অর্জন জরুরি’: বিশ্ব দর্শন দিবসে জবি উপাচার্য
নতুন সময় প্রতিনিধি
|
![]() ‘জাতীয় উন্নয়নে সুস্পষ্ট দর্শন ও আদর্শ অর্জন জরুরি’: বিশ্ব দর্শন দিবসে জবি উপাচার্য গত (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে দর্শন বিভাগের উদ্যোগে আয়োজিত ‘বিশ্ব দর্শন দিবস-২০২৬’ উদযাপন, বিভাগের ২০তম ও ২১তম ব্যাচের নবীনবরণ এবং ১৫তম ও ১৬তম ব্যাচের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপাচার্য বলেন, “বিশ্বসভ্যতার বিকাশের পেছনে দর্শনের অবদান অনস্বীকার্য। দর্শন সৃষ্টিকর্তার অস্তিত্ব উপলব্ধির অন্যতম মাধ্যম। নিজেদের ভাগ্যকে দোষারোপ না করে সৃষ্টিকর্তার প্রতিনিধি হিসেবে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।” স্বাধীনতার এত বছর পরও কাঙ্ক্ষিত উন্নতি না হওয়ার পেছনে জাতীয়ভাবে সুস্পষ্ট দর্শনের অভাবকে দায়ী করে তিনি শিক্ষার্থীদের সামান্য ব্যক্তিস্বার্থের কাছে আদর্শ বিসর্জন না দিয়ে নীতি-নৈতিকতার প্রতীক হয়ে ওঠার আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, “দর্শনকে কোনো নির্দিষ্ট জ্ঞানশাখার মধ্যে সীমাবদ্ধ রাখার সুযোগ নেই। বর্তমান সময়ে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের নানা সংকট মোকাবিলায় দার্শনিক চিন্তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” বক্তব্যে তিনি ‘ইন্টেলেকচুয়াল ভার্চু’ (বুদ্ধিবৃত্তিক গুণাবলি) ও ‘মোরাল ভার্চু’ (নৈতিক গুণাবলি)-এর পার্থক্য তুলে ধরে টেকসই সাফল্যের জন্য মেধার পাশাপাশি সততা ও নৈতিকতার চর্চার ওপর জোর দেন। বিশেষ অতিথির বক্তব্যে জবি ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, “দর্শনের চর্চা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনে এর প্রয়োগ নিশ্চিত করতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তির যুগে দর্শনের প্রয়োজনীয়তা কমেনি; বরং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় শিক্ষার্থীদের নিজেদের জ্ঞান ও আচরণের মাধ্যমে সমাজে দর্শনের গুরুত্ব তুলে ধরতে হবে।” দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সিত্তুল মুনা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আরজুমন্দ আরা বানু। স্বাগত বক্তব্য দেন আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. সিদ্ধার্থ শংকর জোয়ার্দ্দার। এছাড়াও জবি শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়াসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানের বিশেষ পর্বে বিদায়ী ১৬তম ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে প্রকাশিত ‘সত্যম’ শীর্ষক স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। পাশাপাশি নবীনদের বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হয়। এর আগে সকালে দিবসটি উপলক্ষ্যে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
