|
চট্টগ্রাম কারাগার থেকে কেরানীগঞ্জে নেওয়া হলো চিন্ময় কৃষ্ণ দাসকে
মো.মোক্তার হোসেন বাবু, চট্টগ্রাম
|
![]() চট্টগ্রাম কারাগার থেকে কেরানীগঞ্জে নেওয়া হলো চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সুপার ইকবাল হোসেন চিন্ময়ের স্থানান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চিন্ময় কৃষ্ণ দাসকে কেরানীগঞ্জের বিশেষ কারাগারে পাঠানো হয়েছে। তবে কী কারণে তাকে স্থানান্তর করা হয়েছে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি তিনি। কারাগারের জেলারও এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। কারা সূত্র জানায়, সোমবার ভোর আনুমানিক পাঁচটার দিকে বিশেষ নিরাপত্তাব্যবস্থায় চিন্ময়কে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে সরিয়ে নেওয়া হয়। এ সময় তার সঙ্গে খাবার রান্নার কাজে নিয়োজিত রঙ্গনাথ দাশকে নেওয়া হয়নি। আইনজীবী হত্যা মামলায় প্রধান আসামি ২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এ আদেশের পর তার অনুসারীরা প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। ওই সময় আদালত সড়কে কয়েকটি মোটরসাইকেল ও যানবাহন ভাঙচুর করা হয়। পরে আইনজীবী ও আদালতের কর্মচারীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এরই মধ্যে রঙ্গম কনভেনশন হল সড়কে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ২০২৪ সালের ২৯ নভেম্বর নিহত আইনজীবীর বাবা জামাল উদ্দিন কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। মামলায় ৩১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ১৫ থেকে ১৬ জনকে আসামি করা হয়। তদন্ত শেষে ২০২৫ সালের ১ জুলাই চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার ও মামলার তদন্ত কর্মকর্তা মাহফুজুর রহমান ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এতে চিন্ময় কৃষ্ণ দাসকে প্রধান আসামি করা হয়। তদন্ত কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, জামিন আবেদন নামঞ্জুর হওয়ার পর চিন্ময় আদালত প্রাঙ্গণে উসকানিমূলক বক্তব্য দিয়েছিলেন। তাঁর বক্তব্যে অন্য আসামিরা উত্তেজিত হয়ে আইনজীবী সাইফুল ইসলামের ওপর হামলা চালান বলে তদন্তে উঠে আসে। গ্রেপ্তার ব্যক্তিদের জবানবন্দি ও জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযোগপত্র তৈরি করা হয়। রাষ্ট্রপক্ষের অভিযোগ, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে সেদিন আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়েছিল। গত ৭ জানুয়ারি মহানগর দায়রা জজ আদালত মামলাটি বিচারের জন্য চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠান। পরে ১৯ জানুয়ারি চিন্ময়সহ ৩৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচারকাজ শুরু হয়। ছয় মামলায় কারাগারে চিন্ময় আদালত সূত্রে জানা গেছে, চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে মোট ছয়টি ফৌজদারি মামলা রয়েছে। এর মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন। রাষ্ট্রদ্রোহের মামলায় তাঁর জামিন স্থগিত রয়েছে। অন্য চারটি মামলার মধ্যে দুটি মামলায় হাইকোর্ট তাঁর জামিনের বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে রায় দেন। গত ৬ সেপ্টেম্বর ওই দুই মামলায় তিনি জামিন পান। তবে অন্য মামলাগুলোতে গ্রেপ্তার থাকায় এখনো তাঁর কারামুক্তি সম্ভব হয়নি। রাষ্ট্রদ্রোহের মামলাটি ২০২৪ সালের ৩১ অক্টোবর চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ের মোহরা ওয়ার্ড বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক ফিরোজ খান কোতোয়ালি থানায় দায়ের করেন। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনকে এ মামলায় আসামি করা হয়। পরে ফিরোজ খানকে বিএনপি থেকে অব্যাহতি দেওয়া হয়। ওই মামলায় ২০২৪ সালের ২৫ নভেম্বর ঢাকার একটি এলাকা থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে বিভিন্ন মামলায় তিনি কারাগারে রয়েছেন। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
