|
সম্ভাবনাময় স্থান পরিদর্শনে মন্ত্রণালয়ের প্রতিনিধিদল
পর্যটন বিকাশে মাস্টারপ্ল্যানের উদ্যোগ
নতুন সময় প্রতিবেদক
|
|
পর্যটন বিকাশে মাস্টারপ্ল্যানের উদ্যোগ এসময় বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. প্রকাশ কান্তি চৌধুরী বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এছাড়া, উপজেলা নির্বাহী অফিসার আহমেদ শাদাত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়ালসহ প্রিন্ট ও ইলেকট্রনিঙ্ মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এর আগে গত ৮ নভেম্বর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পর্যটন-১ শাখা থেকে জারি করা অফিস আদেশে নেত্রকোনার দুর্গাপুর, কলমাকান্দা ও খালিয়াজুরী উপজেলার পর্যটন সম্ভাবনাময় স্থানগুলো সরেজমিনে পরিদর্শনের জন্য তিন সদস্যের একটি দল গঠন করা হয়। এরই প্রেক্ষিতে দুর্গাপুর উপজেলার বিভিন্ন সম্ভাবনাময় স্থান গুলো পরিদর্শন করেন তারা। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী বলেন, নেত্রকোনা জেলার পর্যটন সম্ভাবনা বিকাশে যোগাযোগব্যবস্থা সহ নানাবিধ উন্নয়ন আমাদের প্রস্তাবনায় অবশ্যই গুরুত্ব পাবে। এ অঞ্চলের বিশেষ সুবিধা হলো, এখানে শুধু সড়কপথ নয়, রেলপথ ও নৌপথেরও সম্ভাবনা রয়েছে। তিন ধরনের যোগাযোগব্যবস্থার সমন্বয়ে একটি মাল্টিমোডাল কানেক্টিভিটি গড়ে তোলা গেলে পর্যটকদের যাতায়াত আরও সহজ হবে এবং দেশি-বিদেশী পর্যটকগণ অত্রএলাকায় বেড়াতে আসবে। নেত্রকোনায় শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়, স্থানীয় ঐতিহ্য ও উৎপাদিত পণ্যেরও পর্যটনমূল্য রয়েছে। এ অঞ্চলের জামদানি পল্লী, শুঁটকি এবং নদীর তাজা মিঠাপানির মাছ পর্যটকদের কাছে আকর্ষণীয় পণ্য হিসেবে তুলে ধরা যেতে পারে। পর্যটকগণ সোমেশ্বরী নদীর তাজা মাছ ও শুঁটকি সংগ্রহ করা সহ অত্রএলাকার উৎপাদিত পণ্যের মান ও স্বকীয়তা বজায় রেখে বাজারজাত করা গেলে পর্যটনকেন্দ্রিক স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। পর্যটন সম্ভাবনা ও পরিকল্পনা নিয়ে পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান বলেন, বৃহত্তর নেত্রকোনার বিভিন্ন উপজেলায় পর্যটকদের আকৃষ্ট করার মতো যেসব স্থান রয়েছে, সেগুলোর সম্ভাবনা সরেজমিনে যাচাই করতেই আমরা এসেছি। এর আগে খালিয়াজুরী ও কলমাকান্দার বিভিন্ন পর্যটন স্পট পরিদর্শন করেছি। বিজয়পুরের সাদামাটির পাহাড় বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এখানকার সাদামাটি সিরামিক শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। এ অঞ্চলের নানাবিধ প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করার ব্যাপক সম্ভাবনা রাখে। এখানে দেশের অন্যতম পর্যটন নগরী হিসেবে গড়ে উঠতে পারে। তিনি আরো বলেন, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল মহোদয়ের নির্দেশনায় এসব পর্যটনকেন্দ্রকে কিভাবে আরও আকর্ষণীয় করা যায় এবং পর্যটকদের সুযোগ-সুবিধা কিভাবে আরো বাড়ানো যায়, তা পর্যালোচনা করতেই আমরা এসেছি। নেত্রকোনা একটি ইতিহাস, ঐতিহ্য ও প্রাকৃতিক সম্পদসমৃদ্ধ জেলা। এখানে হাওর, নদী, পাহাড় এবং ভারতের মেঘালয় থেকে নেমে আসা নদ-নদী রয়েছে। পাশাপাশি গারো ও হাজংসহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি, জীবনযাত্রা ও ঐতিহ্যও পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ হতে পারে। জেলা এবং উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের কাছ থেকে পর্যটন সম্ভাবনাময় স্থানগুলোর বিস্তারিত তথ্য ও প্রতিবেদন সংগ্রহ করা হবে। এসব তথ্যের ভিত্তিতে পরিদর্শন প্রতিবেদন তৈরি করে প্রয়োজনীয় সুপারিশ করা হবে। পর্যটকদের নির্বিঘ্ন যাতায়াতের জন্য উন্নত সড়ক যোগাযোগ এবং এ অঞ্চলের প্রয়োজনীয় কয়েকটি সেতু নির্মাণসহ অন্যান্য উন্নয়ন গুলো বিশেষ গুরুত্ব বলে তিনি উল্লেখ করেন। তিনি আরো বলেন, কমিউনিটি ট্যুরিজম, ইকো ট্যুরিজম ও হোম-স্টে ট্যুরিজমের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পর্যটকেরা শুধু পাহাড়-নদী দেখতে নয়, স্থানীয় মানুষের জীবনযাত্রা, গারো ও হাজং জনগোষ্ঠীর সংস্কৃতি, ঐতিহ্যবাহী খাবার এবং স্থানীয় পরিবেশের সঙ্গে পরিচিত হতেও আগ্রহী হবেন। স্থানীয় পরিবারের সঙ্গে থেকে তাঁদের জীবনধারা ও সংস্কৃতি জানার সুযোগ তৈরি করা গেলে পর্যটনের নতুন সম্ভাবনা সৃষ্টি হবে। সে জন্য ডেপুটি স্পীকার মহোদয় বিশেষ ভাবে কাজ করছেন। সরকারের পর্যটন পরিকল্পনা প্রসঙ্গে মো. সামীমুজ্জামান বলেন, পর্যটনশিল্পকে অর্থনৈতিক খাত হিসেবে গুরুত্ব দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের নেতৃত্বে পর্যটন খাতের উন্নয়নে কাজ এগিয়ে চলছে। সারা দেশের পর্যটনশিল্পের পরিকল্পিত বিকাশে একটি জাতীয় মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ চলছে। খুব শিগগিরই পরিকল্পনাটি চূড়ান্ত করে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপনের আশা প্রকাশ করেন তিনি। মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের সরেজমিন পরিদর্শন, জেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা, জাতীয় পর্যটন মাস্টারপ্ল্যান প্রণয়ন এবং সড়ক, রেল ও নৌপথের সমন্বিত যোগাযোগব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা নেত্রকোনার পর্যটন খাতে নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে। পরিকল্পিত উন্নয়ন, সরকারি-বেসরকারি বিনিয়োগ এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে দুর্গাপুরসহ বৃহত্তর নেত্রকোনা দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে গড়ে উঠতে পারে স্থানীয়দের প্রত্যাশা। ধনেশ পত্রনবীশ, |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
