ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬ ● ২৮ কার্তিক ১৪৩৩
এনভিডিয়ার অন্তর্বর্তীকালীন সিইও কে এই কোলেট ক্রেস?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 13 November, 2026, 3:17 PM

এনভিডিয়ার অন্তর্বর্তীকালীন সিইও কে এই কোলেট ক্রেস?

এনভিডিয়ার অন্তর্বর্তীকালীন সিইও কে এই কোলেট ক্রেস?

এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদ থেকে জেনসেন হুয়াংয়ের পদত্যাগের পর প্রতিষ্ঠানটির অন্তর্বর্তী সিইও হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) কোলেট ক্রেস। ৩৩ বছর আগে সহ-প্রতিষ্ঠাতা হিসেবে এনভিডিয়ার যাত্রা শুরু করেছিলেন হুয়াং। তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি চার ট্রিলিয়ন ডলারের কোম্পানিতে পরিণত হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) এক ঘোষণায় কোলেট ক্রেসের নিয়োগের কথা জানায় এনভিডিয়ার পরিচালনা পর্ষদ।

পর্ষদের চেয়ারম্যান হার্ভে জোনস বলেন, কোলেট এবং তার নেতৃত্বাধীন দলের ওপর পরিচালনা পর্ষণের পূর্ণ আস্থা রয়েছে। কোম্পানির কার্যক্রম, গ্রাহকদের প্রতি প্রতিশ্রুতি এবং পণ্য উন্নয়নের পরিকল্পনা স্বাভাবিকভাবেই চলবে বলে আশা করা হচ্ছে।

অন্তর্বর্তী সিইও হিসেবে দায়িত্ব পাওয়ার পর কোলেট ক্রেস বলেন, এনভিডিয়ার শক্তির মূল উৎস এর কর্মীরা। জেনসেন হুয়াং গত ৩৩ বছরে যে অসাধারণ ভিত্তি তৈরি করেছেন, নেতৃত্বাধীন দলের সঙ্গে মিলে তিনি সেটিকে আরও এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, দ্রুতগতির কম্পিউটিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে এনভিডিয়ার নেতৃত্ব ধরে রাখতে কাজ অব্যাহত থাকবে। গ্রাহক, অংশীদার, ডেভেলপার ও শেয়ারহোল্ডারদের সেবা দেওয়াই তাদের প্রধান লক্ষ্য থাকবে।

কে এই কোলেট ক্রেস?

৫৯ বছর বয়সী কোলেট ক্রেস এনভিডিয়ার নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও)। ২০১৩ সালের সেপ্টেম্বরে তিনি প্রতিষ্ঠানটিতে যোগ দেন। এরপর ১৩ বছরের বেশি সময় ধরে কোম্পানির অর্থ বিভাগের নেতৃত্ব দিয়ে আসছেন। বিনিয়োগকারীদের কাছেও তিনি এনভিডিয়ার পরিচিত মুখ।

শিক্ষাজীবনে অ্যারিজোনা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন ক্রেস। পরে সাউদার্ন মেথডিস্ট বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেন।

তার কর্মজীবনের বড় অংশ কেটেছে আর্থিক ব্যবস্থাপনা, করপোরেট পরিকল্পনা, ব্যবসায়িক কার্যক্রম এবং প্রযুক্তি খাতে।

২০১৩ সালে কোলেট ক্রেসকে নিয়োগ দেওয়ার সময় এনভিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং তার অভিজ্ঞতা ও আর্থিক দক্ষতার প্রশংসা করেছিলেন। তিনি বলেছিলেন, ক্রেসের রয়েছে চমৎকার পেশাগত অভিজ্ঞতা, আর্থিক ব্যবস্থাপনায় দক্ষতা এবং প্রযুক্তি খাত সম্পর্কে গভীর জ্ঞান।

এনভিডিয়ার পরিচালনা পর্ষদের ভাষ্য, প্রতিষ্ঠানটির অর্থ বিভাগ পরিচালনার পাশাপাশি কোম্পানির প্রবৃদ্ধি ও বিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন কোলেট ক্রেস। এবার অন্তর্বর্তী সিইও হিসেবে তার সামনে রয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠানের নেতৃত্বের দায়িত্ব।

সূত্র: ফার্স্টপোস্ট

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status