|
প্রথমবারের মতো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ইডেন মহিলা কলেজ ক্যাম্পাসের একাডেমিক পরীক্ষা অনুষ্ঠিত
আলিফা আরা মীম, ইডেন মহিলা কলেজ প্রতিনিধি
|
![]() প্রথমবারের মতো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ইডেন মহিলা কলেজ ক্যাম্পাসের একাডেমিক পরীক্ষা অনুষ্ঠিত রাজধানীর ঐতিহ্যবাহী সাত সরকারি কলেজকে ঘিরে প্রতিষ্ঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য দিনটি খুবই তাৎপর্যপূর্ণ। দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থেকে একাডেমিক কার্যক্রম পরিচালনার পর স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় কাঠামোর অধীনে প্রথমবারের মতো পরীক্ষায় অংশ নেন শিক্ষার্থীরা। ফলে পরীক্ষার দিনটি শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়টির প্রশাসনিক ও একাডেমিক ব্যবস্থাপনার জন্যও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ২০২৫ সালের প্রথম বর্ষের স্নাতক (সম্মান) পরীক্ষা ৩ নভেম্বর থেকে শুরু হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা চলবে আগামী ১৪ জানুয়ারি ২০২৭ পর্যন্ত। প্রথম বর্ষের ২৪টি বিভাগের শিক্ষার্থীরা পর্যায়ক্রমে এসব পরীক্ষায় অংশ নিবেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রকাশিত নির্দেশনা অনুযায়ী, প্রতিদিন দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরীক্ষা চললাম থাকবে। পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন বা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস না নেওয়া এবং বই, নোট বা লিখিত কোনো উপকরণ সঙ্গে না রাখার নির্দেশ ও দেওয়া হয়েছে। পরীক্ষাকেন্দ্র হিসেবে সাত কলেজের বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যবহার করা হচ্ছে। প্রকাশিত সূচি অনুযায়ী, ঢাকা কলেজের শিক্ষার্থীদের ইডেন মহিলা কলেজে, ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীদের ঢাকা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে এবং অন্যান্য কলেজের শিক্ষার্থীদের যার যার নির্ধারিত কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সাত কলেজের শিক্ষার্থীদের দীর্ঘদিনের অন্যতম প্রধান প্রত্যাশা ছিল সেশনজট ও একাডেমিক দীর্ঘসূত্রতা থেকে মুক্তি। নতুন বিশ্ববিদ্যালয়ের অধীনে আজ প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে সেই প্রত্যাশা বাস্তবায়নের পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম হলো। তবে প্রথম পরীক্ষা আয়োজনের পাশাপাশি সময়মতো পরীক্ষা গ্রহণ, দ্রুত ফল প্রকাশ, স্বচ্ছ মূল্যায়ন এবং একটি কার্যকর একাডেমিক ক্যালেন্ডার নিশ্চিত করাই এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য বড় চ্যালেঞ্জ। শিক্ষার্থীদের একটি অংশ ইতোমধ্যে পরীক্ষা পরিচালনা ও একাডেমিক কার্যক্রমে দীর্ঘসূত্রতা না রাখার দাবি জানিয়েছে। শিক্ষার্থীদের প্রত্যাশা, নতুন বিশ্ববিদ্যালয়ের অধীনে পরীক্ষার এই সূচনা শুধু প্রশাসনিক পরিবর্তনের প্রতীক হয়ে থাকবে না; বরং এটি হবে সময়মতো পরীক্ষা, দ্রুত ফল প্রকাশ এবং সেশনজটমুক্ত উচ্চশিক্ষার নতুন অধ্যায়ের সূচনা। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম একাডেমিক পরীক্ষা তাই কেবল একটি পরীক্ষা নয়—সাত কলেজের শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা ও নতুন বিশ্ববিদ্যালয়ের সক্ষমতারও প্রথম বড় পরীক্ষা।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
