সফিপুরে আনসার-ভিডিপি একাডেমি পরিদর্শনে চার দেশের রাষ্ট্রদূত
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Monday, 26 October, 2026, 5:29 PM
সফিপুরে আনসার-ভিডিপি একাডেমি পরিদর্শনে চার দেশের রাষ্ট্রদূত
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) একাডেমি পরিদর্শন করেছেন মালদ্বীপ, কসোভো, মরক্কো ও সিঙ্গাপুরের রাষ্ট্রদূতেরা। এ সময় বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রম, কারিগরি দক্ষতা এবং সদস্যদের তৈরি হস্তশিল্প ও বিভিন্ন পণ্যের মান দেখে আগ্রহ প্রকাশ করেন তারা।
সোমবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে চার দেশের রাষ্ট্রদূত একাডেমিতে পৌঁছান। পরিদর্শনকালে তারা একাডেমির প্রশিক্ষণ ও অবকাঠামোগত কার্যক্রম ঘুরে দেখার পাশাপাশি হস্তশিল্প, কুটিরশিল্প, গার্মেন্টস, নির্মাণ এবং বিভিন্ন কারিগরি বিভাগের কার্যক্রম সম্পর্কে ধারণা নেন।
আনসার সদস্যদের হাতে তৈরি বিভিন্ন পণ্যের উৎপাদনপ্রক্রিয়া ও গুণগত মান পর্যবেক্ষণ করে রাষ্ট্রদূতেরা সন্তোষ প্রকাশ করেন। এ সময় তারা কিছু হস্তশিল্পের পণ্যও কেনেন। পাশাপাশি এসব পণ্য নিজ নিজ দেশে ব্যবহারের সম্ভাবনা এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পণ্যের পরিসর বাড়ানোর বিষয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ রাষ্ট্রদূতদের স্বাগত জানান। পরে তাঁর সভাপতিত্বে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় একাডেমিতে উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণ এবং বিদেশে এসব পণ্যের বিপণনের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করা হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, আন্তর্জাতিক পর্যায়ে এসব পণ্যের পরিচিতি বাড়লে দেশের কারিগরি প্রশিক্ষণ ও ক্ষুদ্র উৎপাদন কার্যক্রমের জন্য নতুন বাজার তৈরির সুযোগ সৃষ্টি হতে পারে।
পরিদর্শনকারী চার রাষ্ট্রদূত হলেন মালদ্বীপের শিউনীন রশীদ, কসোভোর লুলজিম প্ল্লানা, মরক্কোর লাল্লা বৌথাইনা এল কেরদৌদি এল কৌলালি এবং সিঙ্গাপুরের ফিলিপ ওং। এ সময় আনসার-ভিডিপির বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাহিনীর সদস্য এবং দেশি-বিদেশি সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। শেষে মনোজ্ঞ এক সাংস্কৃতিক পরিবেশনার মধ্যদিয়ে আনুষ্ঠানিকতার সফল সমাপ্তি হয়।