ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬ ● ২ কার্তিক ১৪৩৩
ভুল মাপে নম্বর প্লেট বানাচ্ছেন না তো? মাপ-রং ও উপকরণ নিয়ে যা বলছে বিআরটিএ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 18 October, 2026, 1:31 PM

ভুল মাপে নম্বর প্লেট বানাচ্ছেন না তো? মাপ-রং ও উপকরণ নিয়ে যা বলছে বিআরটিএ

ভুল মাপে নম্বর প্লেট বানাচ্ছেন না তো? মাপ-রং ও উপকরণ নিয়ে যা বলছে বিআরটিএ

আগামী ১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনের অংশে নিজস্ব ব্যবস্থাপনায় রেজিস্ট্রেশন নম্বরসংবলিত ম্যানুয়াল নম্বর প্লেট লাগানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সেই সঙ্গে নম্বর প্লেট তৈরির ক্ষেত্রে নির্ধারিত মাপ, রং ও উপকরণ ব্যবহারের বিধিমালা যথাযথভাবে অনুসরণ করতে হবে।

এক বিজ্ঞপ্তিতে বিআরটিএ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়নে ব্যর্থ হলে সংশ্লিষ্ট মোটরসাইকেলের মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে কর্তৃপক্ষের অনুমোদিত আরএফআইডিসহ উন্নতমানের রেট্রো-রিফ্লেক্টিভ ধাতব প্লেটে রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের বিধান রয়েছে। এর পাশাপাশি এখন মোটরসাইকেলের সামনের অংশেও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এ লক্ষ্যে প্রাথমিকভাবে মোটরসাইকেল মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় নির্ধারিত শর্ত অনুসরণ করে সামনের অংশে ম্যানুয়াল নম্বর প্লেট তৈরি ও সংযোজন করতে হবে।

মোটরসাইকেলের নম্বর প্লেটের নির্ধারিত মাপ

বিআরটিএর নির্দেশনায় স্কুটার ও অন্যান্য মোটরসাইকেলের সামনের নম্বর প্লেটের জন্য পৃথক মাপ নির্ধারণ করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, স্কুটারের নম্বর প্লেটের দৈর্ঘ্য হবে ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার। অন্যদিকে, স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের নম্বর প্লেটের দৈর্ঘ্য ২৮৫ মিলিমিটার ও প্রস্থ ৫০ মিলিমিটার নির্ধারণ করা হয়েছে।

উভয় ধরনের নম্বর প্লেটেই অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে। ফলে নম্বর প্লেট তৈরির আগে নির্ধারিত মাপ অনুসরণ করা জরুরি।

নম্বর প্লেট তৈরিতে মানতে হবে যেসব নির্দেশনা

বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, মোটরসাইকেলের সামনের নম্বর প্লেট তৈরিতে স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম ব্যবহার করতে হবে। প্লেটের পটভূমি রাখতে হবে সাদা এবং রেজিস্ট্রেশন নম্বরের অক্ষর ও সংখ্যা লিখতে হবে কালো রঙে। এ ছাড়া নম্বর প্লেটে অবশ্যই বাংলা অক্ষর ও সংখ্যা ব্যবহার করতে হবে।

এ ছাড়া নম্বর প্লেটে কোনো ধরনের শোভাবর্ধক উপাদান বা নকশা রাখা যাবে না। অর্থাৎ নির্ধারিত রং, উপকরণ ও মাপের পাশাপাশি নম্বর প্লেটের নকশার ক্ষেত্রেও বিআরটিএর শর্ত অনুসরণ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে রেজিস্ট্রেশন নম্বর একটি আনুভূমিক রেখায় প্রদর্শন করা যাবে। তবে এ ক্ষেত্রেও নম্বরপ্লেট তৈরির সময় নির্ধারিত মাপ ও অন্যান্য শর্ত মানতে হবে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status